Home » বারাসাতে দেহ উদ্ধার

বারাসাতে দেহ উদ্ধার

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : মৃত্যু হয়েছে বহুআগেই,  দীর্ঘদিন ধরেই দেহটি পড়েছিল। স্বাভাবিক কারণেই বিকৃতি হয়েছে,  দেহ চেনা দায়। বারাসাতের বামনগাছিতে খাল থেকে উদ্ধার পচাগলা দেহ, এলাকায় চাঞ্চল্য। এতদিন ধরে দেহটিক কেন কারো চোখে পড়ল না তা নিয়ে উঠছে প্রশ্ন।

বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় খাল থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি দীর্ঘদিন ধরেই জলনিকাশির সমস্যায় ভুগছে। সামান্য বৃষ্টিতেই রেল সংলগ্ন খাল ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের কাছে খাল পরিষ্কারের দাবি জানান।

শনিবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। সেই সময়ই খালের ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে অনুমান, মৃতদেহটি প্রায় দু’মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়ে ছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামনগাছি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে দেহটি খালে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

About Post Author