Home » কোচবিহারে ডিমথেরাপির শেষে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি

কোচবিহারে ডিমথেরাপির শেষে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি

Oplus_131072

সানি রায়, উত্তরবঙ্গ প্রতিনিধি :আবাস যোজনা-কাটমানি দুর্নীতি! ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুলকালাম কাণ্ড।আবাস যোজনা, ‘পাড়ায় সমাধান’ সহ একাধিক প্রকল্পের দুর্নীতি এবং কাটমানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। অভিযুক্ত প্রধান, উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ এসে প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের থানায় নিয়ে যায়। বিক্ষোভ শেষে পুলিশ পর্ব মিটতেই পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করেন বিজেপি যুবকর্মীরা।

এদিন ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। পূর্বনির্ধারিত সেই সভায় প্রধান লিপিকা রায়, উপপ্রধান রেজাউল ইসলাম এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা উপস্থিত হন। সভা শুরু হতেই আবাস যোজনা এবং ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু হয়।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের পুলিশের গাড়িতে করে থানায় সরিয়ে নিয়ে যায়। এদিকে পঞ্চায়েত কার্যালয় থেকে জনপ্রতিনিধিরা বেরোতেই সেখানে গোবর জল ছিটিয়ে গোটা অফিস শুদ্ধিকরণ করেন বিজেপি যুব মোর্চার কর্মীরা।।

About Post Author