Home » মহামেডানে চেক বাউন্স : হুমায়ুন কবীর আউট, গজল জাফর ইন

মহামেডানে চেক বাউন্স : হুমায়ুন কবীর আউট, গজল জাফর ইন

সময় কলকাতা, ৬ অগাস্ট : মহামেডান স্পোটিং ক্লাবের আর্থিক সংকট কাটাতে হুমায়ুন কবীরের জায়গায় নিয়ে আসা হল গজল উজ জাফরকে। আউট হওয়ার আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে স্বল্পকালীন অধ্যায়ে হুমায়ুন কবীর ক্লাব ও সদস্যদের উপহার দিয়ে গেলেন দুটি ৫০ লক্ষ টাকার বাউন্স হওয়া চেক।

সোজাসুজি বললে একপ্রকার মহামেডান ক্লাবের সভাপতি পদ থেকে  বিতাড়িত হলেন হুমায়ুন কবীর। মহামেডান স্পোর্টিং ক্লাবে হুমায়ুন কবিরের দেওয়া পঞ্চাশ লক্ষ টাকার দুটি চেক পরপর বাউন্স করায় মোহামেডানের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন হুমায়ুন কবীরকে সরানোর। বৃহস্পতিবার গজল জাফরকে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করা হয়।জানা গিয়েছে, ক্লাব অর্থ সংকটে থাকার সময় গজল জাফর ক্লাবের আর্থিক দায়-দায়িত্ব অনেকটাই বহন করেছিলেন।  গজল জাফর মূলত কলকাতা ভিত্তিক একজন বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সাথে যুক্ত এবং কলকাতার ক্রীড়া মহলে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। হুমায়ুন কবীরের অপসারণ ও গজল জাফরের আগমন মহামেডান ক্লাবে কতটা শুভ বার্তা বয়ে আনে তা সময়ই বলবে তবে মোহামেডান ক্লাবের সদস্য সমর্থকরা রীতিমতো খুশি। সম্ভবত দীর্ঘদিন সাফল্য না পেয়ে মহামেডান ক্লাবে সমর্থকরা উচ্চাশা করতে ভুলে গিয়েছেন সুতরাং ক্লাব যেকোনোভাবে সামান্য অক্সিজেন পেলেই তারা খুশি হয়ে পড়েন । এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এ-বছর আইএসএলে হতাশা জনক পারফরম্যান্স করে অবনমনের মুখ দেখেছে মোহামেডান স্পোর্টিং। অন্ধকার দশার মধ্যে দিয়ে চলা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সভাপতি পদে রাজনীতিবিদ হুমায়ুন কবীর কে নিয়েও উচ্ছ্বাস ছিল যিনি ক্লাবকে উপহার দিয়ে গেছেন শুধুই প্রতিশ্রুতি এবং দুটি ৫০ লক্ষ টাকার বাউন্স হওয়া চেক।।

About Post Author