সানি রায়, সময় কলকাতা , ১৪ অগাস্ট : সময় পাল্টায়, শাসক পাল্টায়, পথ পাল্টায় না। আলিপুরদুয়ার জেলার চারটি চা বলয়ের সঙ্গে সংযোগকারী প্রধান এবং একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। বিজেপি আমলেও তৃণমূল আমলের বেহাল রাস্তার ছবি পাল্টায়নি ।দুর্ভোগ চা শ্রমিকদের, বড় বড় গর্তে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশু ঝুমরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারটি চা-বলয়ের বাসিন্দাদের দীর্ঘদিনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তা। এশিয়ান হাইওয়ে ৪৮ থেকে পাকা রাস্তা ছেড়ে ফতেমা বিদ্যালয়ের পাশ দিয়ে রেললাইন পার হলেই চা-বাগান শ্রমিকদের বসতি। সেই এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান রাস্তাটির এখন কার্যত কঙ্কালসার চেহারা। রাস্তা জুড়ে ছোটখাটো খানাখন্দ নয়, তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও সেই গর্ত এতটাই গভীর যে তা দেখলে পুকুরের মতো মনে হয়। অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে চা-বাগানের শ্রমিকদের পাশাপাশি স্কুলপড়ুয়া, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহনের চালকদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এই রাস্তা দিয়েই প্রতিদিন চা-বাগান থেকে চা-পাতা বহনকারী বিভিন্ন গাড়ি যাতায়াত করে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষার সময় জল জমে রাস্তার গর্তগুলি চোখে না পড়ায় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। চা-বলয়ের খুদে পড়ুয়াদেরও প্রতিদিন এই রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হয়। একইভাবে শ্রমিকদের একাংশ সাইকেল নিয়ে যাতায়াত করেন। কিন্তু রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকেই সাইকেল চালিয়ে যেতে পারছেন না। বাধ্য হয়ে সাইকেল ঠেলে কিংবা পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে তাঁদের।
গ্রাম বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তার এই দুরবস্থা। আগের সরকারের আমলেও রাস্তার অবস্থা ছিল বেহাল। কিন্তু রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ তাঁদের। বরং সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। এই রাস্তার উপর নির্ভরশীল চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ পথচারী, স্কুলপড়ুয়া এবং পণ্যবাহী গাড়ির চালক সকলেরই একটাই দাবি, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। তাঁদের বক্তব্য, রাস্তার এই দুরবস্থা আর দীর্ঘায়িত হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কাছে দ্রুত পরিদর্শন করে স্থায়ীভাবে রাস্তা সংস্কারের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা।।


More Stories
সাতখুন মাফ!হেলমেটহীন বাইক ৱ্যালি বিজেপির!
সামাজিক-মাধ্যমে প্রাক্তন তৃণমূল বিধায়ক “ঘনিষ্ঠ”র বিতর্কিত পোস্ট ঘিরে চাঞ্চল্য
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭