Home » পিছে পড়ে রইল মেয়ের অন্নপ্রাসন, তারাপীঠ থেকে তারার দেশে

পিছে পড়ে রইল মেয়ের অন্নপ্রাসন, তারাপীঠ থেকে তারার দেশে

সানি রায়,  সময় কলকাতা : কন্যার অন্নপ্রাশনের কয়েকদিন আগে শুভদিন দেখে নবজাতিকার মঙ্গলকামনায় পিতা গিয়েছিলেন তারাপীঠে। ফেরা হল না মেয়ের কাছে। পিছে পড়ে রইল মেয়ের অন্নপ্রাসন । তারাপীঠ থেকে তারার দেশে যাত্রা বাবার। মেয়ে জানল না সে কী হারাল, অথৈ জলে পরিবার।শ্রাবণ মাসের শেষ সোমবার ঈশ্বরের কাছে পুজো দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মনে ছিল ভক্তি, সঙ্গী সংসারের জন্য স্বপ্ন। ভেবেছিলেন বাবা ধামে পুজো দিয়ে, তারাপীঠে মায়ের দর্শন করে বাড়ি ফিরবেন। কয়েক দিনের মধ্যেই যে ছোট্ট মেয়ের অন্নপ্রাশন হওয়ার কথা ছিল, সেই মেয়ের মুখ আর বাবার দেখা হল না।তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ন’জনের মধ্যে রয়েছেন ধূপগুড়ির ৩২ বছরের যুবক রাকেশ শর্মা।

ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ একটি দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালাতেন। প্রায় দেড় বছর আগে তাঁর বিয়ে হয়। জন্ম নিয়েছিল কন্যা সন্তান,  ছ’মাসের সেই শিশুকন্যাকে রেখে শ্রাবণ মাসে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তিনি। কন্যার মঙ্গল কামনায় গিয়েছিলেন পিতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন রাকেশ। আলিপুরদুয়ারের তিন বন্ধু অমিত পাল, সুবীর সাহা এবং কমল রায়ের সঙ্গে প্রথমে গিয়েছিলেন দেওঘরের বাবাধামে। সেখান থেকে রবিবার রাতে তাঁরা পৌঁছন তারাপীঠে। রাত কাটানোর জন্য ওঠেন মন্দির সংলগ্ন  বেসরকারি হোটেলে। ঘুমিয়েছিলেন তিনি। সেই ঘুমই হয়ে উঠল জীবনের শেষ ঘুম।

হোটেলে আচমকা আগুন ছড়িয়ে পড়তেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় একের পর এক ঘর।  দমকল ও পুলিশের তৎপরতায় বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও শেষ পর্যন্ত ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাকেশ সহ উত্তরবঙ্গের চার যুবক রয়েছেন।
প্রাথমিক তদন্তে এসি থেকে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠে এসেছে। অনেক তথ্য এবং তত্ত্ব উঠে এসেছে, ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতারের কথাও জানা গিয়েছে। রাকেশের
বাড়িতে সম্বল শুধু কান্না। পরিবারের প্রধান ভরসা এখন না ফেরার দেশে। যে বাবার নিজের হাতে মেয়ের মুখে প্রথম অন্ন তুলে দেওয়ার কথা ছিল, সেই বাবাই আজ নিথর দেহ হয়ে ফিরছেন বাড়িতে। দায়ী কিছু গাফিলতি,  কিছু মার্জনাহীন ত্রুটি যার ক্ষতিপূরণ হওয়ার নয়।

আরও পড়ুন শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন

পড়ে রইল মেয়ের অন্নপ্রাসন #তারাপীঠদুর্ঘটনা

About Post Author