Home » জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি

জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি

Oplus_131072

সানি রায় ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ১৩ জুন : জামাইষষ্ঠীর আর মাত্র সাত দিন বাকি। এই সময় জামাইদের আম কাঁঠাল খাওয়ার লগ্ন। শ্বশুর বাড়ি এলে আম কাঁঠাল দিয়ে আপ্যায়ন করা হয় তাদের। হাতিদের জামাই ষষ্ঠী না থাকতে পারে, তাদের আপ্যায়ন করা না হতে পারে, হাতি এবার জামাইষষ্ঠীর আগে আম দিয়ে পেটপুজো করতে এল জনপদে! জঙ্গল থেকে এসে জামাই আদর না পেলেও জামাই-য়ের  মত আম খেয়ে জঙ্গলে ফিরে গেল অনাহুত হাতি। আলিপুরদুয়ারের ফালাকাটার পশ্চিম শালকুমারের ঘটনা।

জামাইষষ্ঠী ইন অ্যাডভান্স! এতদিন পর্যন্ত সবাই জানত তৃণভোজী হাতির প্রিয় ফল কলা। কাঁঠালপ্রেমী হিসেবেও হাতির নামডাক আছে। হাতি কলার খোসা ছাড়িয়ে কলা খাচ্ছে – এরকম দৃশ্য বিরল নয়। তবে এও সত্যি যে, প্রায় সব রসালো ফলের দিকে গজরাজের আশ্চর্য মোহ রয়েছে। হাত নেই তো কী হয়েছে, হাতি অনায়াসে খোসা ছাড়িয়ে কলা খেতে পারে। তবে গাছ ঝাঁকিয়ে আম বুনো হাতির আম খেতে দেখার দৃশ্য বিরল ! হাতি এল গৃহস্থের বাড়িতে অনাহুত অতিথি হিসেবে, আম পেড়ে খেল,চুপটি-করে চলেও গেল! ক্ষয়ক্ষতিহীন ‘ভোজনপর্বে’ তাজ্জব গৃহস্থ! জামাইষষ্ঠীর আগে ডুয়ার্স এলাকার পশ্চিম শালকুমারে আমন্ত্রণহীন নতুন অতিথির পেটপুজো পর্ব ধরা পড়ল সিসিটিভি-তে।

পাকা কাঁঠালের গন্ধে বা কলাবাগান উজাড় করে দিতে লোকালয়ে ছুটে আসা হাতির দল হামেশাই দেখা যায়। তবে এ এক ব্যতিক্রমী ঘটনা।  কলা – কাঁঠাল ছেড়ে পাকা আমের স্বাদে মজেছে এক বুনো হাতি।

শনিবার রাত আনুমানিক তিনটে নাগাদ পশ্চিম শালকুমারের বাসিন্দা বাপ্পা দে র বাড়িতে হানা দেয় একটি বুনো হাতি। সেই সময় বাড়ির সকল সদস্যই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে টের পাননি কেউই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির সামনে ঢুকে হাতিটি কোনো রকম তাণ্ডব বা ভাঙচুর চালায়নি। সোজা চলে যায় বাড়ির আম গাছটির নিচে। এরপর গাছটিতে পরপর দু’বার জোরে ঝাঁকুনি দেয় সে। ঝাঁকুনির ফলে বেশ কিছু পাকা আম মাটিতে ঝরে পড়লে, আয়েশ করে সেগুলো খেয়ে ধীরেসুস্থে এলাকা ছাড়ে গজরাজ। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে হাতির বিশাল পায়ের ছাপ দেখতে পান পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে তড়িঘড়ি সিসিটিভি ক্যামেরা চেক করতেই সামনে আসে এই অদ্ভুত ও মজাদার দৃশ্য।বাড়ির মালিক বাপ্পা দে জানান, “সাধারণত হাতি ঢুকলে ঘরবাড়ি বা ফসলের ক্ষতি করে। কিন্তু এই হাতিটি অত্যন্ত শান্তভাবে শুধু আম খেতেই এসেছিল। আমাদের কোনো ক্ষতি করেনি, এটাই স্বস্তি।”লোকালয়ে হাতির এমন ‘ভদ্র’ আচরণ এবং আম খাওয়ার কৌশল নিয়ে এলাকায় চলছে চর্চা । বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য জামাইষষ্ঠীর আগে নেমন্তন্ন ছাড়া হাতির আম খেতে আসার ঘটনায় বিশেষ ভাবিত নয়, বরং হাতির আমের আমোদে তারাও আমোদিত।।

About Post Author