Home » ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন

ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : তৃণমূল কংগ্রেসের দুঃসময়ে আর এক বড় ধাক্কা। দলীয় সব পর থেকেই ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। মাত্র কয়েকদিন আগেই তাঁকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। বিগত নির্বাচনে হেরে গেলেও দল মনে করেছিল তার মতো বর্ষীয়ান নেতার হাত ধরেই ঘুরে দাঁড়াতে পারে তৃণমূল । গত শনিবার ঘোষিত নতুন সাংগঠনিক তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম অন্তর্ভুক্ত করা হয়। উত্তর ২৪ পরগনার দায়িত্ব পেয়েছিলেন জেলার অত্যন্ত পরিচিত মুখ “বালু দা। “অথচ মাত্র ৬ দিনের মধ্যে সরে দাঁড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক স্বয়ং।  কেন তিনি ইস্তফা দিলেন? এর পেছনে কি রয়েছে নতুন কোন রাজনৈতিক সমীকরন নাকি অন্য কিছু? চলছে জল্পনা কল্পনা।  কী কারনে তাঁর পদত্যাগ না জানা গেলেও বিশ্বস্ত সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে নিজের শারীরিক অসুস্থতার ( সুগার ও কিডনির সমস্যা কথা উল্লেখ করে দলীয় সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরিস্থিতি যা সেখানে, কার্যত রাজনীতি থেকেই সন্ন্যাস নিতে চলেছেন বালু মল্লিক । এখন দেখার, দল তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানায় কিনা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন তিনি। তিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী। রাজ্যের তৃণমূলের অন্যতম মুখ হয়েই থেকেছেন তিনি। তৃণমূলের উত্থানের সময় থেকে তৃণমূলের সৈনিক এবং পাঁচবারের বিধায়ক ছিলেন। বিগত দুই দশকে উত্তর ২৪ পরগনার সবচেয়ে প্রভাবশালী নেতাদের অন্যতম জ্যোতিপ্ৰিয় মল্লিক এবার তৃণমূলের সব দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। তাঁকে সম্প্রতি উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বিগত কয়েক বছর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সময়টা ভালো কাটছিল না। রেশন দুর্নীতিতে ১৪ মাস কারাবাস করতে হয় তাকে। অভিযোগ প্রমাণিত না হলেও, একসময় উত্তর ২৪ পরগনা জেলা রাজনীতি নিয়ন্ত্রণ করতেন যিনি এবং মতুয়াদের মধ্যে তৃণমূলের সংগঠন একদা জোরদার করেছিলেন যিনি সেই প্রতিক্রিয় মল্লিকের দাপট অনেকটাই কমে যায় জেল থেকে বেরিয়ে আসার পরে। তবুও হাবড়া কেন্দ্রে তাঁকে টিকিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “বালু আমার ফেভারিট।”  হেরে যান তিনি, ক্ষমতা থেকে তৃণমূলের পতনের পরে তবুও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ওপরে অনেকটাই আস্থা রেখেছিলেন, দলের দুঃসময়ে রাজ্য রাজনীতির অন্যতম শক্তিস্থল উত্তর ২৪পরগনার দায়িত্ব তাঁকে তুলে দেওয়া হয়। এবার তিনিও দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।।

About Post Author