Home » আবার বিক্ষোভ বারাসাত পুরসভায়, কাজ করা অসম্ভব বলছেন চেয়ারম্যান

আবার বিক্ষোভ বারাসাত পুরসভায়, কাজ করা অসম্ভব বলছেন চেয়ারম্যান

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, দীপ সেন, রাজু দাস, সময় কলকাতা , ২৩ জুন : এই পরিবেশে কাজ করা অসম্ভব, বলছেন বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী। ” ৩৬ বছর ধরে প্রত্যক্ষ রাজনীতি করছি এরকম অবস্থা কখনো দেখি নি।” ১৬ বছর ধরে তৃণমূল পরিচালিত বারাসাত পুরবোর্ডের ১৩ বছর চেয়ারম্যান পদে থাকা সুনীল মুখার্জির বক্তব্য, রাজ্যে ক্ষমতা বদলের পরে তিনি নাজেহাল হয়ে পড়ছেন নাগরিকদের অভাব অভিযোগ শুনতে শুনতে। মঙ্গলবারও বারাসাতে পুরসভার চেয়ারম্যানের চেম্বারের সামনে দফায় দফায় বিক্ষোভ হল বেহাল নাগরিক পরিষেবার জন্য। কোনও ক্ষেত্রে সাধারণ মানুষ এবং কোনও ক্ষেত্রে বিজেপির মণ্ডলের নেতারা সমর্থক নিয়ে নাগরিক পরিষেবার অভাব অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখালেন। স্মারকলিপি জমা দিলেন চেয়ারম্যানের কাছে। বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা কাজ করছেন না -অভিযোগ এমনটাই। পুরসভায় এদিন উপস্থিত ছিলেন শুধুমাত্র চেয়ারম্যান সুনীল মুখার্জী এবং ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। দুজনই মেনেও নিয়েছেন অভিযোগ। তাঁরা জানালেন ” হয়তো ভয়ে “, অধিকাংশ কাউন্সিলর সাধারণ মানুষ বা পুরসভার সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখছেন না বা কাজ করছেন না। এরকম ” ঘূর্ণির মতো ” টালমাটাল পরিস্থিতিতে হতবিহ্বল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এভাবে কাজ করা অসম্ভব মেনে নিয়ে চেয়ারম্যান সুনীল মুখার্জী সময় কলকাতাকে জানালেন, সমন্বয়ের অভাব থেকে মুক্তি পাওয়ার উপায় “বসে ঠিক করতে হবে।” সবমিলিয়ে, অবিলম্বে যেকোনোদিন পদত্যাগের ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। কারণ চাপ ক্রমবর্ধমান। জোড়া কুম্ভ হয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তৃণমূলের পুরবোর্ডকে কত দিন সামাল দেবেন এও এখন লাখ টাকার প্রশ্ন!

Oplus_131072

বিজেপির সাংগঠনিক জেলা মনে করছে যেভাবে পুরসভায় অচল অবস্থা চলছে -সেখানে পুরপ্রধানের পদত্যাগ করাই বাঞ্ছনীয়। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই নিজেদের মধ্যে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে তাদের কথা বলাও হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এ সপ্তাহের মধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন পর্যায়ে আলোচনা সেরে বারাসাত পুরসভার তৃণমূল বোর্ডের কাছে নির্দেশ পাঠাবে। বারাসাত শহর সম্বন্ধে ওয়াকিবহাল রাজনৈতিক মহলের ধারণা, এক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলতে  কালীঘাটের মমতা পন্থী শিবির নয়।রাজ্যে রাজনৈতিক দোলাচল ও অস্থিরতার মধ্যে আরও একটি বড় সূচক হতে পারে বারাসাত পুরসভা।।

About Post Author