Home » বিধ্বংসী আগুন! ভস্মীভূত ২৪ টি বাড়ি! পরিবারের পাশে তৃণমূল নেতা

বিধ্বংসী আগুন! ভস্মীভূত ২৪ টি বাড়ি! পরিবারের পাশে তৃণমূল নেতা

সময় কলকাতা ডেস্কঃ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটা নয়, দুটো নয় ২৪ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাতটা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ব্রজনাথপুর গ্রামে। গোটা এলাকায় আতঙ্কের ছাপ স্পষ্ট।

জানা গিয়েছে, সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি, হুসেন আলি, এক্রামূল হক, নাজিমূল হক ও বাদল আলির মোট ২৪টি বাড়ি পুড়ে গিয়েছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। তিনটি গবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য, জমির দলিল ও ঘরের টিন সহ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একের পর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে। পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকার বিশেষ কেউ এগিয়ে আসতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে।

ঘটনার খবর পেয়ে ছুটে যান তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, সঙ্গে ছিলেন সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এক মাসের খাদ্য সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

About Post Author