Home » মর্মান্তিক পথ দুর্ঘটনা

মর্মান্তিক পথ দুর্ঘটনা

সময় কলকাতা ডেস্কঃ সকাল না হতেই ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট গাড়ির চালকের। গুরুতর আহত ওই গাড়ির যাত্রী জয়ন্ত কুমার মন্ডল। রবিবার ভোররাতে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডোমকল থানার হাজারপুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। যদিও বাসে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নদীয়ার করিমপুর থেকে একটি বাস বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি ডোমকলের হাজারপুর মোড় এলাকায় আসতেই উল্টোদিকে করিমপুরগামী একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষের ফলেই এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। এই পথ দুর্ঘটনায় আহত জয়ন্ত কুমার মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশি সাহায্য নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। অন্যদিকে পুলিশি তৎপরতায় মৃত কবির মন্ডলকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

About Post Author