সময় কলকাতা ডেস্কঃ ইতিমধ্যেই দুটি উপ নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১২ এপ্রিল ২০২২ বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা আসনের উপ নির্বাচন। ইতিমধ্যেই প্রচার, দেওয়াল লিখন থেকে শুরু করে মিটিং মিছিল করতে বেরিয়ে পড়েছেন যে যার দলীয় প্রার্থীদের নিয়ে।ঠিক তেমনই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েন সকাল সকালই। রবিবার তিনি সকালে বালিগঞ্জ ফাঁড়ি কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।তার সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী ও জেলার অন্যান্য নেতৃবর্গ ।
প্রচারের মাঝে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, চমকের রাজনীতিতে আমি বিশ্বাসী নই। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় বঙ্গ রাজনীতির একজন আইকন ছিলেন। রাজনৈতিক মতভেদ থাকলেও তার বাড়ির সদস্যদের আশীর্বাদ নেবেন।
পাশাপাশি দীর্ঘদিনের এই অঞ্চলের নিকাশি সমস্যা, পরিশ্রুত পানীয় জলের সমস্যা, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গরিব মানুষের নিজের নামে মাথার উপরে ছাদের ব্যবস্থা করার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাও সাফ জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
এদিন বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ জানালেন, নির্বাচনে জয়ের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
পাশাপাশি এদিন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রচারে নেমে বলেন বিগত দিনে বালিগঞ্জের মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যে কাজ করে গিয়েছেন, যেভাবে মানুষের সঙ্গে তিনি নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন,সেই পথই অনুসরণ করে আগামী দিনে বালিগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণ করবেন ও পাশে থাকবেন।
মোটের ওপর বলা যায় প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিধানসভা আসনটি এখন দুই দলের কাছে প্রেস্টিজ ফাইটের লড়াই। কারন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ওই কেন্দ্রের-ই বাসিন্দা।তিনি জিতলে জীবনে প্রথম বিধান সভার বিধায়ক হবেন। আর তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় একজন সেলিব্রেটি, উপরন্তু তার পুরনো দল বিজেপির দু বারের সাংসদ ছিলেন।সুতরাং এই বিধান সভা আসনটি দুই দলের প্রার্থীর কাছেই খুবই গুরুত্ব পূর্ণ।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের