Home » গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সময় কলকাতা ডেস্কঃ পরপর দুটি কন্যাসন্তান হওয়ায় গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ি বিরুদ্ধে।মালদার চাঁচল থানার অন্তর্গত চণ্ডীপুর গ্রামের ঘটনা।অভিযুক্তেরা পলাতক।মৃত ওই মহিলার নাম প্রতিমা কর্মকার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে সামাজিক মতে চাঁচলের দরিয়াপুর গ্রামের বাসিন্দা প্রতিমা কর্মকারের সাথে বিয়ে হয় চন্ডিপুরের বাসিন্দা মনোজ ঠিকাদারের।বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও পরপর দুটি কন্যা সন্তান জন্মানোর পর থেকেই প্রতিমার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা।অভিযোগ,শ্বশুর,শাশুড়ি এবং ননদ মিলে প্রায়ই অত্যাচার করত ওই মহিলার উপর।এ বিষয়ে গ্রামে সালিশি সভা বসালেও অত্যাচারের মাত্রা বিন্দুমাত্র কমেনি। মৃত ওই মহিলার মা জানিয়েছে,সোমবার রাতে শ্বশুর বাড়িতে ঝামেলা হওয়ার পরই ওই মহিলার শোওয়ার ঘর থেকে তাঁর মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

এরপর চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।মৃতার গালে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে জানান তারা।খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author