Home » ব্যাংক ডাকাতির বাধা, সিভিক ভলান্টিয়ারকে কোপাল দুষ্কৃতীরা

ব্যাংক ডাকাতির বাধা, সিভিক ভলান্টিয়ারকে কোপাল দুষ্কৃতীরা

সময় ডেস্ক কলকাতাঃ ব্যাংক ডাকাতির বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীদের।  বুধবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের হামলায় জখম ওই সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ শহিদুর রহমান।গুরুতর জখম অবস্থায় তিনি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মণ্ডলপাড়া এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার রাতে নওদা যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার মহম্মদ শহিদুর রহমান । গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখঢাকা অবস্থায় এসে ব্যাংকে ডাকাতির চেষ্টা করে। কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

সিভিক ভলান্টিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসছে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপরেই এলাকার মানুষ তড়িঘড়ি জখম ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।  অবস্থার অবনতি হলে তাঁকে ভোর রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তারা হামলা চালানো দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

 

About Post Author