সময় কলকাতা ডেস্কঃ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটলেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত আট দিনে সাতবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। মঙ্গলবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। এদিকে মোদী সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার পেট্রোলের লিটার পিছু দাম বাড়ল ৮৩ পয়সা। সেই সঙ্গে প্রতি লিটার ডিজেলের দামও বেড়েছে ৭০ পয়সা। ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা, ডিজেল কিনতে হলে লাগবে ৯৪ টাকা ৬২ পয়সা।
মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২১ পয়সা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম ৮৫ পয়সা এবং ৭৫ পয়সা করে বেড়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ০৪ পয়সায় দাঁড়িয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে তৃণমূল। আজ, দুপুর তিনটে নাগাদ যুব তৃণমূল ও টিএমসিপি যৌথভাবে মিছিলের আয়োজন করেছে।
পাশাপাশি, বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ ছাত্র ও যুবর সদস্যরা।

পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী এই দামের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। একইসঙ্গে ফের একবার বড়সড় কোপ পড়তে পারে গাড়ি ভাড়ার ক্ষেত্রে। লাগাতার দাম বৃদ্ধির জেরে সমস্যায় আমজনতা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!