Home » নিজাম প্যালেসের বদলে অনুব্রত গেলেন এসএসকেএমে

নিজাম প্যালেসের বদলে অনুব্রত গেলেন এসএসকেএমে

সময় কলকাতা ডেস্ক:  শারিরিক অসুস্থতার কারণে পঞ্চমবারের জন্য সিবিআইয়ের কাছে হাজিরা  দিতে পারলেন না বীরভূমে্র দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তার কিছু সময় আগেই নিউটাউনের ফ্ল্যাট থেকে গাড়ি নিয়ে বের হন অনুব্রত। কালো রঙের এক্সইউভি গাড়িতে রওনা দেন তিনি। সংবাদমাধ্যমও অনুসরণ করতে থাকে তাঁর কনভয়। প্রশ্ন তখনও ছিল, তিনি কি আদৌ নিজাম প্যালেসে যাচ্ছেন? অনুব্রতর কনভয় মা ফ্লাইওভার ধরা পর্যন্তও সেই জল্পনা জিইয়ে ছিল। তারপরই আচমকাই পার্কসার্কাসের দিকে না গিয়ে কনভয় ঘুরিয়ে নেন অনুব্রত।বেলা ১১.২৭ মিনিট। অনুব্রত মণ্ডলের কালো রঙা এক্সইউভি গাড়ি ঢোকে এসএসকেএম হাসপাতালে। সমস্ত জল্পনার যবনিকা পতন হয় সেখানেই। অর্থাৎ পঞ্চমবারও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত।

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছন অনুব্রত মণ্ডল। চিনার পার্কের বাড়িতে রাত কাটান। বুধবার সকালে মিনিট দশেক আইনজীবী সঞ্জীবকুমার দাঁ’র সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন খোদ তৃণমূল নেতার আইনজীবী। এরপর এদিন সকালে আইনজীবীর সঙ্গে কথা বলার পর চিনার পার্কের বাড়ি থেকে বেরন। সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শেষমেশ নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার বুকে সমস্যা রয়েছে। শ্বাসকষ্টজনিত কিছু সমস্যাও রয়েছে তাঁর। ২১১ নম্বর কেবিনে রয়েছেন তৃণমূল নেতা। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।

উল্লেখ্য, গরুপাচার  মামলায় গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই  প্রথম তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবে সেদিনও হাজিরা এড়িয়ে যান ‘কেষ্টদা’। পরে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল। ওইদিন তিনি রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভরতি হন। ফলে নিজাম প্যালেসে তিনি যাননি। এরপর গত ৪ মার্চ ফের অনুব্রতকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে। ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে কলকাতা হাই কোর্টে  সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত। মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল বুধবার যেতে পারেন নিজাম প্যালেসে। যেহেতু হাইকোর্টের দুটি বেঞ্চেই অনুব্রতর রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যায়, তাই প্রশ্ন উঠছিল, তবে কি তিনি উচ্চতর আদালতের দ্বারস্থ হচ্ছেন? অনুব্রতর আইনজীবী জানিয়ে দেন, এখনই তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন না।

সূত্রের খবর অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-ও  সমস্ত প্রস্তুতি রেখেছিল। কেষ্টর জন্য প্রশ্নপত্রও ঠিক করে রেখেছিলেন তদন্তকারীরা। এমনকি সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। কিন্তু শেষ পর্যন্ত তিনি অসুস্থ হওয়ায় হাজিরা এড়ান।সিবিআই এখন কি পদক্ষেপ করে সেটাই দেখার।

About Post Author