Home » হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মিছিল

হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মিছিল

সময় কলকাতা ডেস্কঃ নদিয়ার হাঁসখালির ঘটনায় উত্তাল গোটা বাংলা। এরই মাঝে সোমবার হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সবর হয় বিরোধী দল সহ পড়ুয়ারাও। মঙ্গলবার শ্রীরামপুরের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করা হয়।

এদিন হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল করে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যরা। শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রধান কার্যালয় থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত মিছিল করে তাঁরা। পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন দলীয় কর্মীরা।

প্রতিবাদ মিছিলে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শ্রীমতী শশী সিং বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাঁর মুখে এই ধরনের বক্তব্য শোভা পায় কি সেটাই ভাবতে হয়”। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মোহন আদক, শ্রীরামপুর মণ্ডল ১-এর সভাপতি অমিতাভ ঘোষ সহ বিজেপি মহিলা মোর্চার সকল সদস্য ও জেলা বিজেপির কার্যালয়ের নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিল থেকে দাবি তোলা হয় হাঁসখালির ঘটনায় নিরপেক্ষতার সাথে রাজ্য সরকারকে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে হবে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রছাত্রীরা জানায়, কিভাবে একজন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলতে পারেন। এর আগেও পার্কস্ট্রিট, রানাঘাট, কামদুনি এইসব জায়গায় ধর্ষণের ঘটনায় এ ধরনের বক্তব্য রেখেছিলেন এবার হাঁসখালি প্রসঙ্গেও একই ধরনের বক্তব্য রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কড়া ভাষায় নিন্দা করছেন পাশাপাশি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে জনগনের সামনে ক্ষমা চাওয়া ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায় ছাত্রছাত্রীরা।

About Post Author