সময় কলকাতা ডেস্কঃ মাত্র ৩০ টাকাতেই ভাগ্য বদল ! ভাগচাষী থেকে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।হ্যাঁ ঠিকই শুনছেন।এমনই অভাবনীয় ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মহবুব আলমের সঙ্গে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২ টা নাগাদ মহবুব ৩০ টাকা দিয়ে ৫ সেম লটারির টিকিট কাটেন।আর তাতেই বাজিমাত।এদিন সন্ধ্যা বেলায় রেজাল্ট বের হতেই তিনি প্রথম পুরষ্কারে একেবারে ১ কোটি টাকা জেতেন।এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর মধ্যে।সাধারণ ভাবেই দিন আনা দিন খাওয়া মহবুব ভাগচাষী থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন।তাই তিনি তড়িঘড়ি করে ওই লটারির টিকিট নিয়ে কুমেদপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হাজির হন হরিশ্চন্দ্রপুর থানায়।

মহবুব আলম জানান, তিনি একজন ভাগচাষী।তার ওই ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।অন্যের জমিতে চাষবাস করেই কোনোরকমে সংসার চলে।দিনবদলের আশায় প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি।এদিনও তিনি মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুমেদপুর লটারি এজেন্সির টিকিট বিক্রেতা রবিদাসের কাছ থেকে মাত্র ৩০ টাকা দিয়ে ‘ডিয়ার’ লটারির টিকিট কাটেন।তবে মহবুব আলম ভাবতে পারেননি, মাত্র ৩০ টাকার ওই লটারির টিকিট এভাবে তার জীবনের চাকা ঘুরিয়ে দেবে।

যদিও কোটি টাকা নিয়ে কী করবে, সে ব্যাপারে এখনও বিশেষ কোন পরিকল্পনা করে উঠতে পারেন নি মহবুব আলম।তবে একটি ভালো বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে তার।এছাড়াও ছেলে,মেয়েদের ভালোভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি। হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়ে আনন্দে আত্মহারা মহবুব আলম এবং তার পরিবারের সদস্যরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী