সময় কলকাতা ডেস্ক: বেশ কয়েক বছর ধরে আয়লা, আম্ফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় মধ্যে পড়তে হয়েছে সুন্দরবনের বাসিন্দাদের। সবচেয়ে সমস্যায় পড়তে হয় পানীয় জল নিয়ে। অপরিশোধিত জল খেয়ে নানা রোগে আক্রান্ত হন সুন্দরবনবাসী। প্রাকৃতিক বিপর্যয় হলে জলের যাতে কোন রকম সমস্যা না হয় তার আগাম প্রস্তুতি নেওয়া হল ব্লক ও পঞ্চায়েত স্তরগুলিতে। জল সংকট মেটাতে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাম্প বসিয়ে জল দেওয়ার কাজ শুরু করল পঞ্চায়েত।এই পরিষেবার মাধ্যমে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। সুন্দরবনসহ ১০ টি ব্লকের একাধিক জায়গায় ৩০ ফুট উঁচু জায়গায় এই পানীয় জলের পাম্প বসানো হয়েছে। বুধবার বসিরহাট দু’নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর দাসপাড়ায় শুভ উদ্বোধন হয়।

একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে গরম পড়লেই বিভিন্ন ব্লকে পানীয় জলের সংকট দেখা দেয়। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার ফলে জল পাওয়া যায় না। সেই সমস্যার সমাধান হবে এই অঞ্চলগুলিতে। এছাড়াও নদীর নোনাজলকে সুমিষ্টি করে মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য, জানান বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায়, বসিরহাটের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ মণ্ডল সহ একাধিক ব্যক্তিত্ব।প্রশাসনের এই ব্যবস্থায় খুশি গ্রামের বাসিন্দারা।

আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থার জন্য প্রশাসন উদ্যোগী হলেও এই ব্যবস্থা কতদিন কার্যকর থাকবে তা নিয়ে সংশয়ে রয়েছেন খোলাপোতা গ্রামপঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী