Home » ছেলের অত্যাচারে মায়ের আশ্রয় এখন খোলা আকাশের নীচে

ছেলের অত্যাচারে মায়ের আশ্রয় এখন খোলা আকাশের নীচে

সময় কলকাতা ডেস্কঃ মায়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে। অবশেষে মায়ের আশ্রয় হল খোলা আকাশের নীচে। এই ঘটনার ৪ দিন কেটে গেলেও কোনরকম সুরাহা মেলেনি বৃদ্ধার। বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার চৈতল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অমানবিকতার সীমা ছাড়িয়ে মানুষ কতদূর যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই ঘটনা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম তীর্থবালা সিং(৬৮)। অভিযুক্ত ছেলে সুভাষ সিংহ, পেশায় একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক।অভিযোগ,বাবা মারা যাওয়ার পর থেকেই জোরপূর্বক জমি হাতিয়ে নেওয়ার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করত সে। জমি লিখে দেওয়া নিয়ে প্রায়ই মায়ের ওপর অকথ্য গালিগালাজ সহ মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। মা জমি লিখে দিতে রাজি না হওয়ায় প্রায়শই বড় ছেলে তাকে মারধর করত বলে অভিযোগ। নির্যাতনের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মাকে মারধোর করে, হাত ভেঙে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত ছেলে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এরপর স্থানীয় এবং আত্মীয় পরিজনদের তরফে আহত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যে অভিযুক্ত বড় ছেলের বিরুদ্ধে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি পুলিশের কাছে ছেলের কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান তিনি। বর্তমানে নিজের বোনের বাড়িতেই আশ্রয় নিয়েছেন তীর্থবালা দেবী। একবিংশ শতাব্দীতেও এমন মধ্যযুগীয় বর্বরতা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ আত্মীয় পরিজনদের।

 

About Post Author