Home » অবশেষে এল কালবৈশাখী! বিপর্যস্ত বালুরঘাট

অবশেষে এল কালবৈশাখী! বিপর্যস্ত বালুরঘাট

সময় কলকাতা ডেস্কঃ তীব্র দাবদাহের জ্বালা কমাতে অবশেষে এল কালবৈশাখী। তীব্র গরম থেকে মিলেছে খানিকটা স্বস্তি। তবে শুক্রবারের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর। মাত্র ঘণ্টাখানেকের ঝড়, তাতেই লন্ডভন্ড বালুরঘাট । যদিও, শনিবার সকালের চিত্র অন্যরকম। পরিষ্কার হয়ে গিয়েছে সব রাস্তা।

বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বালুরঘাটে। বালুরঘাট শহরের হসপিটাল মোড় এলাকায় শতাব্দী প্রাচীন একটি বট গাছ ভেঙে পড়ায় 512 জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়ে বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক মিত্র সহ যুব তৃণমূল সহ-সভাপতি প্রিয়াঙ্কা বিশ্বাস বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। হাসপাতাল এলাকায় গিয়ে দ্রুত ওই গাছটিকে সরানোর ব্যবস্থা করেন তারা। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বালুরঘাটে। যুব তৃণমূল সহ-সভাপতি প্রিয়াংকা বিশ্বাস জানান, এই ঝড়ে বালুরঘাট পুরসভার অন্তর্গত 10 থেকে 12 টি রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত গাছ সরানোর কাজ চলছে।

ঝড়ের দাপটে আশেপাশের বিভিন্ন এলাকায় উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুত্‍হীন হয়ে যায় গোটা এলাকা। এদিকে ঝড়ো হাওয়ায় প্রচুর বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল।

About Post Author