সময় কলকাতা ডেস্কঃ বেশ কিছুদিন আগে বাবার কাছে এক লক্ষ টাকা তোলা দাবি করেছিল দুষ্কৃতীরা। দাবি মতো তোলা না দেওয়ায় ছেলেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম সেলিম সাহাজি। বছর আঠারো বয়সের সেলিম টিটাগড় গাজীবাবা মাজার এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে টিটাগড়ের মোড়ল পাড়ায় মেলা দেখতে যায় সেলিম।রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় সেলিমের বাবা সমরবাবু তাকে ফোন করলে সে বাড়ি আসছে বলে জানায়। সে সময়ই কিছু দুষ্কৃতী হঠাৎ তাঁকে আটকে খুব কাছ থেকে গুলি করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সেলিমের বন্ধু ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।সেলিমের বাবা সমর সাহাজির অভিযোগ,ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী সমরবাবুর কাছে কিছুদিন আগে ১ লাখ টাকা তোলা চেয়েছিল। সে সময় টাকা না দেওয়ায় সমরবাবুকে তারা মারধোর করে। দাবি মতো তোলা না দেওয়ার কারণেই তার ছেলেকে খুন করেছে বলেই অভিযোগ জানান সমরবাবু।ইতিমধ্যেই সমরবাবু রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ