অমলেন্দু মণ্ডল, বীরভূম, সময় কলকাতা : পুলিশকে নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দেন সেলিম। সেখানেই তিনি ‘‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেন।’’ সেলিমের এই বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।

রবিবার রামপুরহাটে বগটুই-কাণ্ড, আনিস খানের মৃত্যু, হাঁসখালি এবং বোলপুর ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে বামেরা। সেই মিছিলে যোগ দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিল শেষে রামপুরহাট পুরসভার মাঠে একটি জনসভা হয়। সেখানে সেলিম বলেন, ‘‘তৃণমূলের লোকজন কেউ কেউ বলছেন, ‘ইসস! পুলিশকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করলেন?’ আমি সাধারণত উল্টোপাল্টা বলি না। কিছু বলে দিলেও আমার খারাপ লাগে। আমি দুঃখপ্রকাশ করি। আমি আজকে দুঃখপ্রকাশ করছি, পুলিশের সঙ্গে তুলনা করে আমি কুকুরের অপমান করেছি। এতে পুলিশের সম্মান নয়, কুকুরের সম্মান গিয়েছে। কারণ কুকুরকে প্রশিক্ষণ দিলে, বিশ্বাস করলে ও ঠিক খুনিকে গিয়ে ধরবে। কিন্তু ওই বগটুই গ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পুলিশ সুপারকে বলছেন, ‘এই কেসটা সাজাতে হবে।’ অনুব্রত মণ্ডলও বলছেন, ‘ওই রকমই কেসটা সাজাতে হবে।’ কোনও কুকুর কি জিজ্ঞাসা করবে? কোনও কুকুর ওই কথা শুনবে?’’ প্রসঙ্গত, শনিবার বিষ্ণুপুরে গিয়েও এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন সেলিম। তার জের টেনেই রবিবার আবারও বিতর্কিত মন্তব্য করে বসেন।

সেলিমের মন্তব্য নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এটাই বামেদের সংস্কৃতি। এটা ওঁদের জেনেটিক সমস্যা। ওঁদের জমানায় পুলিশকে দলদাসে পরিণত করেছেন। সেলিম যা করলেন, তাতে আমাদের উচিত দলমত নির্বিশেষে এই সংস্কৃতির তীব্র নিন্দা করা। কারণ আমাদের ঘরের ছেলেরা পুলিশে চাকরি করেন। মহম্মদ সেলিম ভুলে গেলেন, তাঁরা কী ভাবে পুলিশকে কাজে লাগিয়েছেন?’’


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে