Home » লিচুতে মেতেছে বাঙালি

লিচুতে মেতেছে বাঙালি

সময় কলকাতা ডেস্ক :

কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতার কথা মনে আছে? এবছর ভুল করেও কেউ লিচু চুরি করার ঝুঁকি নেবে না এতটাই সস্তা হতে চলেছে লিচুর দাম। বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন অন্তত তাই বলছে।আমের ফলন কম হওয়ার পাশাপাশি জেলায় লিচুর ফলন এত বেশি যে লিচু চাষের সাথে লতায় পাতায় জড়িয়ে থাকা মানুষদের মুখে হাজার ওয়াটের আলো।

বৈশাখ যেন বাঙালির ফলের মাস।গরম পড়তেই ফলের আম  জাম, কাঁঠাল, লিচু ফলের দোকান আলো করে রাখে।l এবছর বাঙালির প্রিয় আমের ফলন  কম হওয়ায় আশঙ্কা আমের দাম বাড়ার। আম বাঙালির হাতের নাগালের বাইরে চলে যেতে পারে ।লিচুর ফলন বেশি হওয়ায় কোথাও যেন স্বস্তি মিলছে।অন্য সব জেলার মত উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় লিচুর ফলন সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি।

ফলন বেশি হওয়ায় সাধ্যের মধ্যেই থাকছে লিচুর দাম। খালি নদীয়া জুড়ে এবার লিচু চাষের সুদিন। নদীয়ার বিভিন্ন প্রান্তের একাধিক লিচু বাগানে এবার লিচুর ফলন যথেষ্টই, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, তাও আবার স্থানীয় বাজারদরে। লিচু বাগানিরা জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর ফলন একটু হলেও বেশি, বাঙালির হাতের মুঠোয় সাধের লিচুকে পৌঁছে দিতে ইতিমধ্যে হাজার হাজার লিচু পাড়ি দিয়েছে বিভিন্ন বাজারে। তবে রসিক বাঙালির কাছে তিন ধরণের লিচু সুপরিচিত, দেশী লিচু, বোম্বাই লিচু, ও আতা লিচু। যদিও তিনটি নামকরণের লিচু গঠন,চরিত্রেও অনেকটাই আলাদা।

দুটি জেলার চিত্র তুলে ধরলেই বোঝা যাবে কেন এবারের মরশুমে লিচুতে মেতেছে বাঙালি।নদীয়া বা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার বাইরের লিচু ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পরিমানে চাহিদামত লিচু ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। আর লিচু ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক শ্রমিক দিনরাত এক করে কাজ করছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত বৈদ্যুতিক আলো জ্বেলে চলছে লিচুর প্যাকিং। এবছর লিচুর ফলন বেশি হওয়ার কারণে লাভ অংশ যেমন খুঁজে পাচ্ছেন লিচু বাগানিরা, ঠিক তেমনই লাভ অংশ খুঁজে পাচ্ছেন লিচু ব্যবসায়ীরাও আর তাতেই দিনমজুরদের কাজের চাহিদাও বাড়ছে।

রসনায় তৃপ্তি বাড়াতে ফলের ভূমিকা অসামান্য আর এবার লিচু অন্য অনেক ফলের কম ফলনের মধ্যে নিশ্চয়তা দিচ্ছে। জামাই হোক বা মেয়ে,জামাইষষ্ঠী আসার আগেই লিচুর গন্ধে ম-ম করছে বাঙালির ঘরবাড়ি। লিচু মাতিয়ে রাখছে ফলের বাজার। বাড়তি অক্সিজেন লিচু ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা সর্বস্তরের মানুষের।।

About Post Author