সময় কলকাতা ডেস্কঃ রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর এবং থার্ড লাইন সম্প্রসারণের জন্য ২৭ মে শুক্রবার বেলা ৩ টে থেকে ২৯ মে পর্যন্ত সম্পুর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। ফলে বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। গত সপ্তাহ দুয়েক ধরে ব্যান্ডেল স্টেশনে কাজ চললেও এতদিন অল্প সময়ই বন্ধ থাকছিল রেল। কিন্তু শুক্রবার থেকে ৭২ ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে এই স্টেশন। গত সপ্তাহেই এই সংক্রান্ত নোটিশ জারি করে পূর্ব রেল। আবার ৩০ তারিখ সোমবার থেকে সমস্ত শাখার ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। ব্যান্ডেলের মত ব্যস্ত একটি স্টেশন এই দীর্ঘ সময় বন্ধ থাকায় যে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে চলেছে যাত্রীরা তা বলাও বাহুল্য।
টানা ৭২ ঘন্টা ব্যান্ডেল জংশন স্টেশন বন্ধ থাকার জন্য যে সমস্যা তৈরি হবে, তা আগেই জানিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল। বাতিল বহু লোকাল ট্রেন, দূরের মেল এক্সপ্রেস ট্রেন বাতিল প্রায় ৪০ জোড়া। হাওড়া -বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন তৈরির প্রস্তুতি চলছে প্রায় ২ সপ্তাহ ধরে। সেই কাজেরই অন্তিম পর্বে ব্যান্ডেল জংশন বন্ধ রেখে নন ইন্টারলকিং কাজ হবে। রেল জানিয়েছে, ওই স্টেশন বন্ধ থাকায় সংলগ্ন যে সমস্ত লাইন ব্যান্ডেল জংশনে এসে মিশেছে , ওই সময়ে সেই সমস্ত রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।পুরো কাজের জন্য বিপুল সংখ্যক ট্রেন বাতিল করতে হয়েছে। ট্রেন বন্ধ থাকার এই সময়ের মধ্যে কাছাকাছি বিভিন্ন শাখায় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সেরে নিচ্ছে রেল।

পূর্ব রেল সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশন দিয়ে ধারণ ক্ষমতার চেয়ে দেড়গুন বেশি ট্রেন চলছিল। তৃতীয় লাইন চালু হলে হাওড়া -বর্ধমান মেন শাখায় ট্রেন ধারণের ক্ষমতা বাড়বে। পাশাপাশি, ব্যান্ডেল স্টেশনে পুরোনো রুট রিলে কেবিন ভেঙে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে স্টেশনে ঢোকার মুখে ট্রেনের অপেক্ষা করে থাকার সময় কমবে। অনেক বেশি ট্রেনকে দ্রুত বিভিন্ন রুটে পাঠানো সম্ভব হবে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!