Home » কামারকুন্ডু উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১, আহত ১

কামারকুন্ডু উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১, আহত ১

সময় কলকাতা ডেস্কঃ কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনের কয়েকঘণ্টার মধ্যেই বিপত্তি। শুক্রবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কামারকুন্ডু রেল ওভারব্রিজে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত আরও ১ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজটি উদ্বোধন করার কয়েক ঘণ্টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটায় ইতিমধ্যে বিতর্কও শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তরুণ কুমার আদক(৪৮)। বাড়ি কামারকুন্ডু মধ্য হিজলা এলাকায়। অপরদিকে আহত জসীমউদ্দিনের বাড়ি ডানকুনি মোল্লাবেড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে বহু বিতর্কিত কামারকুণ্ডু রেল ওভারব্রিজ উদ্বোধনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় তরুণ কুমার আদক দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে ওই ব্রিজ দিয়ে সিঙ্গুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে জসীমউদ্দিন মোটরবাইক চালিয়ে আসছিলেন। এরপর ব্রিজের মাঝখানে মুখোমুখি সংঘর্ষ হয় দুই মোটর বাইকের। দুজনেই ছিটকে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। তাদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। এরপরই সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তরুণ কুমার আদককে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জসিমউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডানকুনির একটি বেসরাকরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে হুগলির সিঙ্গুরের কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্রিজটি তৈরির জন্য কামারকুণ্ডু রেল টাকা দিলেও রেলের তরফে কাউকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যদিও মুখ্যমন্ত্রী পালটা দাবি জানান, কামারকুণ্ডু রেল ওভারব্রিজটি তৈরির জন্য রাজ্য সরকার জমি দিয়েছে। গোটা ঘটনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

About Post Author