Home » বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মঙ্গলবার স্বস্তির বৃষ্টির দেখা দিল দক্ষিণবঙ্গে। আর তারই মধ্যে প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে হাওড়া পুরনিগম সংলগ্ন জেলা পোস্ট অফিসের গেটের সামনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাওড়া, কলকাতা সহ সংলগ্ন এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। ঘণ্টা খানেকের টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় হাওড়ার নীচু এলাকাগুলিতে। মনীষা সাউ নামে বছর ছত্রিশের ওই মহিলা প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে একটি শেডের নিচে আশ্রয় নেন। এরপর জমা জল পেরোনোর সময় একটি বৈদ্যুতিক বাতিস্তম্ভে হাত দিতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে গিয়ে রাস্তায় জমে থাকা জলে পড়ে যান। ওইভাবেই দীর্ঘক্ষণ জমা জলের মধ্যেই পড়ে থাকেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের তরফে খবর যায় হাওড়া থানায়। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ও সিইএসসি-র কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। এরপর বৈদ্যুতিক বাতিস্তম্ভের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকারে চিকিৎসকেরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার পরেই সিইএসসি-র কর্মীরা ল্যাম্প পোস্টের পরীক্ষা করে বৈদ্যুতিক ত্রুটি সংশোধন করেন। তবে বর্ষার আগেই এই ধরনের ঘটনা কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে শহরবাসীর কপালে।

About Post Author