সময় কলকাতা ডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা দু’দিন ইডি দফতরে হাজিরা দেওয়ার পরেও মিলল না রেহাই। তদন্তে অসহযোগিতার কারণ দেখিয়ে বুধবারও ফের ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে হাজিরার জন্য। সোমবার প্রায় ৯ ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারও ফের ইডি তলব করে তাঁকে। গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। দুদিনে প্রায় ২২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। তাতেও সন্তুষ্ট নয় ইডি, তাই তৃতীয়বার তলব করা হয় ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে এমনটাই সূত্রের খবর।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে পৌঁছন রাহুল।
সোমবার রাহুলের ইডি দফতরে হাজিরা এবং সেই বিষয়কে কেন্দ্র করে সত্যাগ্রহ কর্মসূচি পালন করে কংগ্রেস। তাঁদের সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লিতে। এরপর মঙ্গলবারও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি-র তদন্তের প্রতিবাদ করে রাস্তায় নেমেছিলেন প্রাক্তন কংগ্রেস অর্থ মন্ত্রী পি চিদাম্বরম, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর রঞ্জন চৌধুরী, কেসি বেণুগোপাল সহ অন্যান্য নেতারা। তার মধ্যে থেকে মোট ২১৭ জন কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ।এরই মধ্যে খবর আসে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে মঙ্গলবার চিদাম্বরমের বুকের পাঁজর ভাঙ্গে।
উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। তবে, রাহুল গান্ধীর এটা চতুর্থ তলব। এর আগেও ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে না পারায় চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান রাহুল গান্ধী। তারপরেই ১৩ জুন এবং ১৪ জুন হাজিরা দেন রাহুল। শুধু রাহুলই নন, আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা সোনিয়া গান্ধীরও।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?