সময় কলকাতা ডেস্ক: ১৯৯৬ সালে আজকের দিনেই বাঙালির স্বপ্ন সত্যি করতে ব্যাট হাতে মাঠে নেমেছিল যুবকটি। প্রথমদিনেই অফস্টাম্পের বাইরে তাঁর নিখুঁত টাইমিং দেখে অবাক হয়েছিলেন অতি বড় ক্রিকেট সমালোচকও। প্রথমদিন তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ২৬ রান। পরদিন অর্ধশতরান পেরিয়ে অবশেষে ৯৭। বাঙালির চোখ আটকে সেদিন টিভির পর্দায়। লর্ডসের মাঠে বাঙালির স্বপ্ন কি তবে সত্যি হবে? হ্যাঁ। বাঙালির স্বপ্ন সেদিন সত্যি করেছিল ছেলেটি। অফস্টাম্পের বাইরে আবার নিখুঁত টাইমিংয়ে আরেকটি চার। ৯৭ থেকে ১০১। উল্লাসে ছেলেটি দুটো হাত আকাশের দিকে ছুড়ে দিল।
অবশেষে জয় হয়েছে তাঁর দীর্ঘ লড়াইয়ের। বাঙালিও সেদিন হাঁফ ছেড়ে বেঁচেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ক্রিকেটের মাঠকে শাসন করার জন্য কোনও বাঙালির অবশেষে উত্থান হল। বাঙালি ছেলেটির রূপকথার পথচলার সেই শুরু। ভারতের অধিনায়কের দীর্ঘ পথ পেরিয়ে তিনি আজ বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়।

১৯৯২ সালের অস্ট্রেলিয়া সফরেই মহারাজের ক্রিকেট জীবনের উপসংহার লিখে ফেলতে চেয়েছিলেন তৎকালীন বোর্ডের একাধিক কর্তা। কিন্তু পারেননি। তাঁরা শেষ পর্যন্ত হার মেনেছিলেন সৌরভের অদম্য জেদের কাছে। ১৯৯৬ সালে ইংল্যান্ডগামী ভারতীয় দল নির্বাচনের দিন সৌরভ খেলছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। জাতীয় দলে কামব্যাকের খবরটা পেয়েছিলেন ময়দানেই। সেদিন নির্বাচনমন্ডলীর সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে সৌরভের জন্য অনেক লড়াই করতে হয়েছিল। জগমোহন ডালমিয়া তখন বোর্ড সচিব। সৌরভকে দলে রাখতে লড়ে গিয়েছিলেন তিনিও। নির্বাচনী সভায় বোঝানো হয়েছিল, শুধু ব্যাটসম্যান নয়, সৌরভকে অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ড নিয়ে যাওয়া উচিত। সেটা পরে সঠিক প্রমাণিত হয়।

নির্বাচক মন্ডলীর এই সিদ্ধান্তকে বৃথা হতে দেননি সৌরভ। তিনি যে লম্বা রেসের ঘোড়া তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। লর্ডসে অভিষেক টেস্টে মহারাজের শতরানের পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৪৪ রান তাড়া করতে নেমে ৫৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা। অভিষেক টেস্টে সৌরভ করেছিলেন ৩০১ বলে ১৩১ রানের ঝকঝকে ইনিংস। অন্যদিকে, মাত্র ৫ রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন রাহুল দ্রাবিড়। শোনা যায়, আজহারের মতো প্রবল বিরোধীও ট্রেন্টবিজে দ্বিতীয় সেঞ্চুরির পর সৌরভকে চুপিসারে ঘড়ি উপহার দিয়েছিলেন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের