Home » দেবের নায়িকা হিসাবে বড় পর্দায় দেখা যাবে শ্বেতাকে

দেবের নায়িকা হিসাবে বড় পর্দায় দেখা যাবে শ্বেতাকে

সময় কলকাতা ডেস্কঃ টলিউডে নতুন যাত্রা শুরু করতে চলেছেন ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এবার বড় পর্দায় নায়িকা হিসাবে ডেবিউ করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে,পরিচালক অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’ -তে দেখা যাবে তাঁদের। এই প্রথম বড় পর্দায় দেবের নায়িকা হিসাবে ধরা দেবেন শ্বেতা । আর এই ছবি দিয়েই নতুন জুটি পেতে চলেছে টলিউড।

অন্যদিকে, ৪৬ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়। জানা গিয়েছে, দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন। বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হবে।

বহু বাংলা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শ্বেতাকে। জানা গিয়েছে, দেবের বিপরীতে যিনি অভিনয় করবেন, তাঁর চরিত্রটা প্রথাগত নায়িকাদের মতো হবে না। তাই প্রথম থেকেই নতুন মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজক। তারপরই নতুন মুখ হিসাবে শ্বেতাকেই বেছে নেন তাঁরা। ছোটপর্দায় মোট ৭ টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিঁদুর খেলা, জড়োয়ার ঝুমকো, জয় কানাইয়া লাল কি, যমুনা ঢাকি ।

About Post Author