সময় কলকাতা ডেস্ক : রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হতে আর বিশেষ দেরি নেই। হাতে গুনে এক মাসের কম সময়। বিরোধী ঐক্য স্থাপিত হয় কিনা এনিয়ে শুধু রাজনৈতিক মহলে বিশ্লেষণ নয়, এতদিন শুধুই আম জনতার মধ্যেও চলেছে জল্পনা কল্পনা। আর এরই মধ্যে দুই যুজুধান প্রতিপক্ষ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীদের হয়ে গেল নাম ঘোষণা। সম্মুখ সমরে দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা।
মঙ্গলবারই বিরোধীদের প্রস্তাবিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা হয়। কার্যত সর্বসম্মতিক্রমে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনীত করে বিজেপি বিরোধী জোটভুক্ত কুড়িটি দল। কংগ্রেসের জয়রাম রমেশ ঘোষণা করেন তাঁদের বাজি যশবন্ত সিনহা। শারদ পাওয়ার দাবী করেছেন, বিরোধী প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার প্রতি সমর্থন রয়েছে টি আর এস ও আপের যারা এর আগে মমতা ব্যানার্জীর ডাকা বৈঠকে সামিল হয় নি।আপ ও টি আর এস এখনও পর্যন্ত শারদ পাওয়ারের বক্তব্য খণ্ডন করে নি। ফলে নিজেদের শক্তি সম্পর্কে হুঙ্কার ছাড়ছে বিরোধী জোট।
এমতবস্থায় উড়িষ্যার একদা বিধায়ক, মন্ত্রী তথা বিজেপি নেত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে পাল্টা রাষ্ট্রপতি পদ প্রার্থী ঘোষণা এনডিএ শিবিরের।তিনি প্রথম মহিলা আদিবাসী পদপ্রার্থী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থী হিসেবে কুড়িটি নাম থাকলেও শেষপর্যন্ত দ্রৌপদী মুর্মুকে বেছে নেওয়া হয়েছে।
গতকালই জন্মদিন ছিল দ্রৌপদী মুর্মুর। ৬৫ তে পা দিলেন তিনি। বিরোধী ঐক্যর যতই দাবী করা হোক , সমীকরণ বলছে ১৮ জুলাইএর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ৪৮ শতাংশ ভোট রয়েছে সংযুক্ত এনডিএর ঝুলিতে।তাছাড়া বিরোধীদের মধ্যে দুটি অংশ রয়েছে যার মধ্যে ইউপিএ হাতে যা ভোট রয়েছে তার চেয়ে অনেকটাই বেশি ভোট এন ডি এ – ইউ পি এ ব্যতীত বাকি শিবিরে। অর্থাৎ এন ডি এর হাতে নিশ্চিত থাকা ভোট ছাড়া বাকি ৫২ শতাংশ ভোট যে যশবন্তের কুক্ষিগত হতে চলেছে তা মোটেই নিশ্চিত নয়। বরং কিছুটা হলেও এগিয়ে দ্রৌপদী মুর্মু।ফলে লড়াই যতই সেয়ানে সেয়ানে হোক, পঞ্চদশ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আপাতত অ্যাডভান্টেজ দ্রৌপদী মুর্মু। রাজনৈতিক মহলের মতে,স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্রপ্রসাদের কার্যকাল শুরু হওয়ার ৭২ বছর পরে দেশ পেতেই পারে প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?