সময় কলকাতা ডেস্ক: বেহাল স্বাস্থ্য ব্যবস্থা! প্রতিবাদে মিছিল আড়শা স্বাস্থ্য বাঁচাও কমিটির। পুরুলিয়ার জেলাশাসকের দপ্তরের সামনে পথ অবরোধেও সামিল কমিটির সদস্যরা। না আছে চিকিৎসক, না আছে নার্স, এমনকি প্রয়োজনীয় ওষুধপত্রও নেই হাসপাতালে। খসে পড়ছে ভবনের চাঙড়, এমনই অবস্থা পুরুলিয়ার আড়শা হাসপাতালের।
আড়শা ব্লকের ৪ টি অঞ্চলের মানুষ আড়শা হাসপাতালের উপর নির্ভরশীল। অথচ দীর্ঘ ২ বছর ধরে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়েই চলছে আড়শা ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র আড়শা হাসপাতাল। সমস্যায় সাধারণ মানুষ। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি তুলে ধরে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি।

শুক্রবার, বিশাল মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছায় আড়শা স্বাস্থ্য বাঁচাও কমিটির সদস্যরা। প্রতিবাদ জানাতে চলে পথ অবরোধ। জেলাশাসক দপ্তরের সামনে ঘন্টা দুয়েক অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন কমিটির সদস্যরা। তবে, দাবি পূরণ না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে কমিটির সদস্যরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!