Home » নামাতে হল হেলিকপ্টার! বরাতজোরে রক্ষা পেলেন আদিত্যনাথ

নামাতে হল হেলিকপ্টার! বরাতজোরে রক্ষা পেলেন আদিত্যনাথ

সময় কলকাতা ডেস্কঃ আকাশপথে পাখির সঙ্গে ধাক্কা। রবিবার জরুরিকালীন পরিস্থিতিতে নামাতে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার। বরাতজোরে রক্ষা পেলেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি কাজে বারাণসী যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। রবিবার সকালে বারাণসী থেকে লখনউ আসার কথা ছিল তাঁর। কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে একটি পাখি এসে ধাক্কা মারে। তাই আর কোনও ঝুঁকি নিতে চাননি হেলিকপ্টারের পাইলট। এরপরই জরুরি অবতরণ করাতে হয় যোগীর কপ্টারকে।

বারাণসির জেলাশাসক কৌশলরাজ শর্মা জানান, ‘বারাণসীর পুলিশ লাইন থেকে লখনউর উদ্দেশ্যে আসার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোনও ভাবে আহত হননি।’ প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার পর সার্কিট হাউজে ফিরে আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, পরে রাজ্যের বিমানেই লখনউ ফেরেন তিনি।

About Post Author