সময় কলকাতা ডেস্কঃ আচমকা ধসে বিপর্যস্ত মণিপুরে। ধসের কবলে পড়ল ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প। যার ফলে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া শ্রমিক,স্থানীয় বাসিন্দা সহ সেনা আধিকারিক মিলিয়ে প্রায় ৫০ জন নিখোঁজ। বুধবার রাতে ঘটনাটি ঘটে মণিপুরের নোনি জেলার টুপুল রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের কাছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই সুত্রের খবর। মৃত আট জনের মধ্যে সাত জনই টেরিটোরিয়াল আর্মির জওয়ান এবং বাকি একজন টুপুল রেলের কর্মী। ইম্ফল-জিরিবাম রেলওয়ে প্রজেক্টের কাজ চলছিল বলেই নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন ছিলেন জওয়ানরা। রাতেই উদ্ধার করা হয় ৬টি দেহ। কাদামাটির নীচে এখনও প্রায় ৫০ জনের মতো আটকে থাকতে পারে বলেই অনুমান উদ্ধারকারী দলের।
জানা গিয়েছে নিখোঁজ ৫০ জনের মধ্যে পাঁচ জনই সাধারণ নাগরিক। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। উদ্ধারকাজ চলাকালীন নতুন করে ধস হয় বলেই সুত্রের খবর। সেনা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছে, আবহাওয়াও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া ঠিক হলে ফের উদ্ধারকাজ শুরু হবে। ঘটনাস্থলে রয়েছে ভারতীয় সেনা বাহিনীর হেলিকপ্টার।
অন্যদিকে, এই ধসের কারণে স্থানীয় ইজেই নদীর গতিপথ আটকে গিয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। একটি টুইট করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, ‘বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার কার্যে সহায়তা করতে ডাক্তার-অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।‘ পাশাপাশি তিনি জরুরি বৈঠক ডেকেও পরিস্থিতি পর্যালোচনা করেন। ধসের কারণে স্থানীয়দের ৩৭ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশনজি। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?