সময় কলকাতা ডেস্কঃ অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় এই দু’জনের রসায়ন নিয়ে একসময় কম চর্চা ছিল না টলিউডে। তবে, নানা কারণে বহুদিন পর্দাতেও সেভাবে আর দেখা যায়নি এই জুটিকে। বহু বছর পর ফের একসঙ্গে ক্যামেরাবন্দি হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘শিবপুর’-এ দেখা যাবে তাঁদের।
জানা গিয়েছে, অরিন্দমের ‘শিবপুর’ ছবিটি একটি রাজনৈতিক থ্রিলার। আশির দশকে বাম-কংগ্রেস সন্ত্রাস, হিংসার ছবি দেখানো হবে এই সিনেমায়। এমনকী তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর ভূমিকাকেও তুলে ধরা হবে ছবিতে। সুত্রের খবর, জ্যোতি বসুর চরিত্রে অভিনয় করতে পারেন শুভাশিস মুখোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়। সিনেমার শুটিং শুরু হবে ৮ জুলাই। ৪ এবং ৫ জুলাই অভিনেতাদের লুক সেট হবে বলে জানা গিয়েছে।

শিবপুর সংলগ্ন এলাকা এবং নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে ছবির শুটিং হবে। বহু বছর পর পরমব্রত ও স্বস্তিকাকে একসঙ্গে এনে বড় চমক দিতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। এর আগে একসঙ্গে ‘শাহজাহান রিজেন্সি’, ‘হেমন্তের পাখি’, ‘ভূতের ভবিষ্যৎ’,’মাছ মিষ্টি অ্যান্ড মোর’-এর মতো বহু সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা-পরমব্রত।
আশির দশকে বাম-কংগ্রেস রাজনৈতিক হিংসা অশান্ত করে তুলেছিল শিবপুর এলাকা। সন্ধ্যা গড়াতেই বাড়ির বাইরে কেউ পা দিতেন না। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তৎপর হন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং আইপিএস অফিসার সুলতান সিংহ। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন আরও এক জন নারী। সেই সময়কেই তুলে ধরা হবে এই সিনেমায়। সুলতান সিংহের চরিত্রেই দেখা যাবে পরমব্রতকে। আর ওই নারীর ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র