সময় কলকাতা ডেস্কঃ বর্ষায় ভাল চাষের আশায় সুন্দরবনে শুরু হয়েছে গরু দৌড় প্রতিযোগিতা। স্থানীয় ভাষায় এটিকে বলা হল মইছাড়া। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রতিবছরই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বর্ষার জল মাঠে জমতে শুরু করলেই মইছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে একদিকে যেমন দেখে নেওয়া হয় চাষের আগে গরুদের স্বাস্থ্য কেমন আছে, অন্যদিকে মইছাড়া অনুষ্ঠিত হলে এলাকায় চাষবাস ভালো হয় বলেই বিশ্বাস স্থানীয় চাষীদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা গরু নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উপস্থিত হন সেখানে।

এই গরু দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষজন। প্রতিবছরের মতন এবছরও কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জ টাটপাড়া তরুণ সংঘের উদ্যোগে মইছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হেরোভাঙা এলাকায়। প্রতিযোগিতায় জয়ীদেরকে পুরস্কৃত করা হবে উদ্যোক্তাদের তরফ থেকে। এই মইছাড়া অনুষ্ঠান দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন। শহর কলকাতা থেকেও বহু মানুষ আসেন মইছাড়া প্রতিযোগিতা দেখতে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী