Home » সাগরে উঠে গেল মাছ ধরার নিষেধাজ্ঞা

সাগরে উঠে গেল মাছ ধরার নিষেধাজ্ঞা

সময় কলকাতা ডেস্কঃ শনিবার মধ্যরাত থেকেই উঠে গেল বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ৷ জানা গিয়েছে, মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারের কারনেই সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছিল। রবিবার থেকে আবার মাছ ধরতে পারবে, এই খবরেই খুশীর জোয়ার বইছে উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে।

জেলেরা জানিয়েছেন, এমনিতেই করোনাকালে অন্য কোন কাজের তেমন সন্ধান পাননি তারা। তাই রোজগারে পড়েছে বিপুল টান। বহু মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এছাড়াও জেলেরা জানান, তালিকার বাইরে থাকা কয়েক হাজার জেলে সরকারি কোনো সহযোগিতা পাননি। নিষেধাজ্ঞা জারীর সময় বলা হয়েছিল আর্থিক সহায়তা এবং জল পানির সহায়তা করা হবে, তবে তাঁর কিছুই দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলেদের একাংশ। এ বিষয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছেন জেলেদের মধ্যে।

তবে মৌসুমের শেষ ভাগে বিনিয়োগে ঝুঁকি নিতে নিতে চাইছেন না অনেক আড়তদার ও জেলেরা। তারা জানান, সারা বছর আয় না হলেও, মৌসুমের চার মাসে তারা তা পুষিয়ে নিয়ে থাকেন। কিন্তু ভরা মৌসুমে দুই মাসেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা চলার কারনেই ঝুঁকি নিতে চাইছেন না তারা। এছাড়াও তারা জানান আর মাত্র দুই মাস পরই ফের মা-ইলিশের ২২ দিনের জন্য সাগরের নিষেধাজ্ঞা শুরু হবে। এমন অবস্থায় বড়ো কোন ট্রলার তারা এবার নামাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন, কারন এতে খরচ অনেক বেশি।

মৎস্য অফিস সূত্রে জানা গিয়েছে, উপকূলীয় অঞ্চলের জেলেরা অধিকাংশই সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন সাগরে মাছ না ধরায় জেলেদের জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ার আশা করছেন তারা । এর সাথেই জোর কদমে শেষ করা হয়েছে ট্রলার মেরামতের কাজ। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে ২০১৫ সাল থেকে মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বড় বড় বাণিজ্যিক ট্রলারগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

About Post Author