সময় কলকাতা ডেস্ক: রাষ্ট্রপতি পদে ২৫ জুলাই শপথ গ্রহণ করতে চলেছেন দ্রৌপদী মুর্মু। তার আগেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মস্কোর ডামাডোল পরিস্থিতির মধ্যে এই অভিনন্দন বার্তায় কার্যত অবাক হয়েছেন অনেকেই। ভ্লাদিমির পুতিন ওই অভিনন্দন বার্তায় জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ কৌশলগত সম্পর্কের ক্ষেত্রগুলিকে আরও মজবুত করতে বিশেষভাবে জোর দিচ্ছি। আশা করি, ভারত-রাশিয়া রাজনৈতিক আলোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রে ভারতের নতুন রাষ্ট্রপতির ভূমিকা আরও জোরদার হবে। এর ফলে আন্তর্জাতিক নিরাপত্তা এবং সুস্থিতি বাড়বে।’

এতেই নড়েচড়ে বসেছে বিশ্বের কূটনৈতিক মহল। তাঁদের দাবি, রাশিয়ার এই সক্রিয়তাই নয়াদিল্লিকে পাশে রাখির স্বার্থেই দেখা যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ভারত নিরপেক্ষতা বজায় রেখে ভারসাম্য কূটনীতি নিয়ে এগিয়ে চলছে। যেখানে আমেরিকা সহ বহু পশ্চিমী রাষ্ট্র এককাট্টা হয়ে রাশিয়ার নিন্দা করে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হয়ে গলা মেলায়নি নয়াদিল্লি। এর বদলে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনেছে ভারত। কিন্তু পশ্চিমের চাপ যে ভাবে তৃতীয় বিশ্বের উপর বাড়ছে, তাতে মস্কোর বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে ভারতের পক্ষে। কারণ রাশিয়া বনাম ইউক্রেনের অস্থিতিশীল পরিস্থিতির কোনও সার্বিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে রাশিয়ার ভারতের বিষয়ে আগ্রহ বাড়লেও সাউথ ব্লক নিজের নির্দিষ্ট ভারসাম্যের অবস্থানেই অনড় থাকতে চাইছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর