সময় কলকাতা ডেস্কঃ শেষমেশ ইডির দাবিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএম-এ নয়,ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে তাঁর,রবিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে,সোমবার ভোরে এয়ার এম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক এবং তাঁর আইনজীবী।
ভুবনেশ্বর এইমসে নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা


এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে,কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক নিয়ে একটি দল তৈরি করতে হবে সোমবার। এরপর এদিন বিকেল ৩টের মধ্যে এইমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক পরিস্থিতির রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
নিয়োগ দুর্নীতি মামলা তৎপর ইডি
উল্লেখ্য,এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৩ টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা চালায় ইডি। প্রায় সাড়ে ১৪ ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরে রাত সাড়ে ১০ টা নাগাদ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে শিল্পমন্ত্রীর বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় এক কর্তা। অবশেষে প্রায় ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে প্রথমে ইএসআই এবং পরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পার্থকে।
এরপর তিনি অসুস্থ বোধ করেন। এহেন পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক,এমনটাই আবেদন জানিয়ে আদালতে কাছে দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আদালতের নির্দেশ মেনে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে কার্ডিওলজি বিভাগের ১৮ নং বেডে ভর্তি করানো হয়। পরে তাঁকে এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ডও।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !