Home » সবুজায়নের বার্তা দিতে সাইকেলে লাদাখ

সবুজায়নের বার্তা দিতে সাইকেলে লাদাখ

সময় কলকাতা ডেস্কঃ পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেল নিয়ে ডুয়ার্সের গয়েরকাটা থেকে কন্যাকুমারী হয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন জলপাইগুড়ির পুষ্পেন্দু বসু রায় নামের এক যুবক। মাথায় হেলমেট চোখে চশমা! দুই চাকার এই যানেই বাঁধা রয়েছে বড় বড় বেশ কয়েকটি ব্যাগ, সোলার প্যানেল চার্জার, সামনে এবং পেছনে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ডুয়ার্স মেন’। পথে থেমে কখনও পথচলতি খুদেদের পরিবেশ রক্ষার পাঠ পড়াচ্ছেন। বোঝাচ্ছেন গাছ লাগানোর উপকারিতা। পেশায় মেলা কর্মী পুষ্পেন্দু বসু রায় পরিবেশকে রক্ষা করতে, দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে ডুয়ার্সের গয়েরকাটার এশিয়ান হাইওয়ে এভাবে সাইকেল যাত্রা দেখে হতবাক স্থানীয়রা। সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গিয়েছে, স্কুলজীবন থেকে সাইকেলই সঙ্গী জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটার বাসিন্দা বছর ত্রিশের পুষ্পেন্দু বসু রায়ের। স্কুল, টিউশন অথবা বিভিন্ন এলাকায় ঘুরতে যাবার ক্ষেত্রে দু’চাকার যানটিই বড় ভরসা তাঁর। এর আগে সাইকেল যাত্রা শুরু করে জলপাইগুড়ি গিয়েছিলেন তিনি। আজকাল দু এক কিলোমিটার যেতেই মানুষ মোটরবাইক কিংবা গাড়ির ব্যবহার করে। মোটর বাইক গাড়ির সংখ্যা বাড়ায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত। এই কারণে চলাচলের সাথী হিসেবে সাইকেলকে বেছে নেওয়ার বার্তা দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তিনি। ৭৫ দিনের মধ্যে কন্যাকুমারী থেকে লাদাখ হয়ে গয়েরকাটা ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিবারের অন্যান্য সদস্য রাও তার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। পুষ্পেন্দুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।

About Post Author