Home » জল্পেশকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

জল্পেশকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ জল্পেশকাণ্ডে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট করে প্রধানমন্ত্রী জানান, মৃত পুণ্যার্থীদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে ১০ জন পুণ্যার্থীদের মৃত্যুতে শোকজ্ঞাপনও করেছে প্রধানমন্ত্রীর দফতর। পাশাপাশি,মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস কোচবিহারে নিহতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা চেক তুলে দেন।

সোমবার কোচবিহার থেকে জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জন পূণ্যার্থীর। পাশাপাশি ১৫-১৬ জন পূণ্যার্থী আহত হয়েছেন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

অন্যদিকে ওইদিনই বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কোচবিহারের জেলাশাসক, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক, পুলিস সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা। মর্মান্তিক এই ঘটনার পরই নড়েচড়ে বসে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন। পাশাপাশি ঘটনার পর থেকেই ডিজে বা বক্স বাজিয়ে জল্পেশ যাত্রা নিষিদ্ধ করেছে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন।

About Post Author