সময় কলকাতা ডেস্কঃ দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। তারই মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়িয়ে চলেছে মাঙ্কিপক্স। এবার মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। দিল্লি ও কেরলে পরপর মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে প্রত্যেকটি জেলায় আগাম সার্কুলার জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এদিকে মাঙ্কিপক্সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ থেকে বেড়ে হয়েছে ৯ জন। বুধবারই দিল্লিতে চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে।
দিল্লি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে ৩১ বছরের এক বিদেশিনী। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর ত্বকে ব়্যাশ বেরোতেও দেখা যায়। এরপরই বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ওই মহিলা দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি আছেন। মাঙ্কিপক্স প্রতিরোধে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্যেও মাঙ্কিপক্স রুখতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঙ্কিপক্সে সংক্রমিতদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও রাখা হয়েছে আলাদা আইসোলেশন বেড। সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ নিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেখে নেওয়া যাক রাজ্যের হাসপাতালগুলিকে দেওয়া সরকারের নির্দেশিকা
১.নতুন কেস রেকর্ড ফর্ম পূরণ করতে হবে
২.মাঙ্কিপক্সের উপসর্গগুলি নজরে রাখতে হবে
৩.রোগী কোথায় কোথায় গিয়েছিল, তা তারিখ সহ লিখতে হবে।
৪.কোন এয়ারপোর্টে নেমেছে, সেটাও জানাতে হবে।
৫.কোন এলাকায় ঘুরতে গিয়েছিল তাও জানাতে হবে।
৬.উপসর্গ আছে, এমন কারও সঙ্গে মিশেছেন কিনা, জানতে হবে।
৭.কারও সঙ্গে শারীরিক বা যৌনসম্পর্ক হয়েছে কিনা, তাও জানতে হবে।
৮.কতদিন ধরে উপসর্গ আছে, তাও জানাতে হবে।
৯.রোগীর উপসর্গ কী, তার ছবিও পাঠাতে হবে।
১০.উপসর্গ সামনে এলেই জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিককে জানাতে হবে।
১১মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা জরুরিকালীন হিসেবে বিবেচনা করতে হবে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির