সময় কলকাতা ডেস্কঃ তিনদিনের জন্য বন্ধ থাকছে উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গিয়েছে,রেললাইন ও সেতু মেরামতির জন্য শুক্রবার থেকে রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। শুক্রবার সকাল থেকে লাইন মেরামতির কাজ শুরুও হয়ে গিয়েছে। সোমবার থেকে ফের চালু হবে টয় ট্রেন পরিষেবা।

সম্প্রতি ধসের কারণে অনেকবারই ব্যাহত হয়েছে টয় ট্রেন পরিষেবা। বহু জায়গায় টয় ট্রেন লাইনচ্যূত হওয়ার মতো ঘটনাও ঘটে গিয়েছে। যার জেরে টয় ট্রেনের লাইনে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ওই লাইনই মেরামত করা হবে তিনদিন ধরে। পাশাপাশি কার্শিয়াং থেকে ঘুম পর্যন্ত সেতু মেরামতির কাজও হবে বলে জানা গিয়েছে। তবে জয় রাইড পরিষেবা স্বাভাবিকই থাকবে।

এর আগেও ধসের কারণে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। গত বছরও ধসের কারণে তিনধারিয়ার মহানদীতে লাইন ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। এই সমস্যা মেটাতেই এমন পদক্ষেপ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেও বেশ কিছু নতুন পরিষেবা আনা হয়েছে। জয় রাইডে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী