Home » মেয়েদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মুকেশ খান্নার

মেয়েদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মুকেশ খান্নার

সময় কলকাতা ডেস্কঃ ফের মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না। সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে নারীচরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই নিন্দার ঝড় বয়ে যায়। তারপরই কড়া সমালোচনার মুখে পড়ে মুকেশ।

জানা গিয়েছে,মুকেশের একটি ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেই ভিডিয়োতেই বিতর্কিত মন্তব্য করেন অভিনেতা। ‌তিনি বলেন, ‘একটি মেয়ে যদি কোনও পুরুষকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন, তা হলে সেই মেয়েটির কাছে এগুলো ব্যবসা ছাড়া আর কিছু নয়। তাঁর দাবি, ‘সভ্য সমাজের মহিলারা এই ধরনের কাজ করতে পারেন না।’ অভিনেতা নিজেও নাকি এমন প্রস্তাব বহুবার পেয়েছেন। সেসব প্রস্তাবে রাজি হননি তিনি। পাশাপাশি ইন্টারনেটে এবং বাস্তব জীবনেও এই ধরনের মহিলাদের প্রলোভনে পা না দেওয়ার জন্যই পুরুষদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

স্বাভাবিক ভাবেই মুকেশের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। অনেকে এর প্রতিবাদও করেছেন। বর্ষীয়ান এই অভিনেতার থেকে এমন মন্তব্য আশা করেননি তাঁরা। সুপার হিরোর চরিত্রে শক্তিমানের ভূমিকায় পপুলার হয়েছিলেন মুকেশ খান্না। এরপর দীর্ঘদিন টেলিভিশনের শো বা চলচ্চিত্রে দেখা যায়নি মুকেশকে। ওয়ারিশ, বিশ্বমিত্র, মহাযোধ, শক্তিমান, চন্দ্রকান্তের মতো একগুচ্ছ হিট শোয়ের পরিচিত মুখ ছিলেন মুকেশ।

About Post Author