Home » ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

সময় কলকাতা ডেস্কঃ ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। যার মধ্যে ৭টি ভারতীয় চ্যানেল এবং ১টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল রয়েছে। অভিযোগ, চ্যানেলগুলিতে ‘ভুয়ো ও ভারত বিরোধী বিষয়বস্তু’ ছিল! শুধু তাই নয়, ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। জানা গিয়েছে, যে আটটি ইউটিউব চ্যানেল ব্যান করা হয়েছে, তাদের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৮৬ লাখেরও বেশি। ইউটিউব চ্যানেলগুলির মোট ভিউজ ১১৪ কোটিরও অধিক।

যে সাতটি ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হল- লোকতন্ত্র টিভি, ইউএন্ডভি টিভি, এএম রাজভি, গৌরবশালী পবন মিথিলাঞ্চল, সিটপ৫টিএইচ, সরকারি আপডেট, সব কিছু দেখো। এর মধ্যে লোকতন্ত্র টিভির প্রায় ১৯.৪ লাখ সাবস্ক্রাইবার ছিল, ভিউজ ছিল প্রায় ৩৩ কোটি। ইউটিউবের পাশাপাশি এই চ্যানেলের ফেসবুক অ্যাকাউন্টও নিষিদ্ধ করেছে সরকার। ‘নিউজ কি দুনিয়া’ নামক এক পাকিস্তানি চ্যানেলও ব্লক করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রক দ্বারা ব্লক করা সমস্ত ইউটিউব চ্যানেল তাদের ভিডিওগুলিতে বিজ্ঞাপন প্রদর্শন করছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি, জনশৃঙ্খলা এবং ভারতের বৈদেশিক সম্পর্কের জন্য ক্ষতিকর মিথ্যা ছিল।

কেন্দ্রীয় সরকারের আরও অভিযোগ,সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলি ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীর সহ একাধিক বিষয় নিয়ে ভুয়ো খবর সম্প্রচার করেছে। জাতীয় নিরাপত্তা ও বিদেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাও খারাপ করার চেষ্টা করছে। খবরগুলি সংবেদশনশীল বলেও দাবি করেছে কেন্দ্র। বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় সরকার ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০২টি ইউটিউব নিউজ চ্যানেল ও অন্যান্য বেশ কয়েকটি সামাজিক মিডিয়া অ্যাকাউন্টকেও ব্লক করার নির্দেশ জারি করেছিল।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ এপ্রিল, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সম্পর্কিত বিভ্রান্তি ছড়ানোর জন্য ১০ টি ভারতীয় এবং ৬ টি পাকিস্তান ভিত্তিক চ্যানেল সহ ১৬ টি ইউটিউব নিউজ চ্যানেলকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।

About Post Author