Home » পুজোর আগেই চালু শিলিগুড়ির বালাসন সেতু

পুজোর আগেই চালু শিলিগুড়ির বালাসন সেতু

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। পুজোর আগে অবশেষে খুলে গেল শিলিগুড়ির বালাসন সেতু। সোমবার থেকেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হল মাটিগাড়ার বালাসন সেতু। এবার শিলিগুড়ি থেকে দার্জিলিং বা সিকিম যাওয়া অনেকটাই সহজ হল। এবার থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে থেকেই মাটিগাড়া হয়ে পর্যটকেরা পাহাড় উঠে যেতে পারবেন। এদিন সকালে সেতু পরিদর্শনে যান শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মা। এছাড়াও সেখানে উপস্থিত ছিল পি ডব্লিউ ডির আধিকারিকরাও। পুজোর আগেই বালাসন সেতুটি খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তবে বালাসন সেতুতে ভারী মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বালাসন সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি থাকবে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ব্রিজের দু-পাশে বড় এবং ভারী গাড়ি চলাচল আটকাতে হাইট বার লাগানো হয়েছে। এছাড়াও ট্রাফিক পুলিশের কড়া নজরদারি থাকবে বলেই জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বালাসন সেতুর উপর দিয়ে ১৫ টনের বেশি ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বালাসন সেতুর কাজ দ্রুত সম্পূর্ণ হওয়ায় পূর্ত দফতরের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, ‘সেতুটি খুব বাজেভাবে বসে গিয়েছিল। সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে সেতুটি বন্ধ করে মেরামত করতে হয়। সেতুর যে জায়গাটা বসে গিয়েছিল তার দু-পাশে পিলার দিয়ে এবং অন্য পিলারগুলি মেরামত করে সেতুটি সংস্কার করা হয়েছে। পুজোর আগে সেতুটি খুলে যাওয়ায় যানজট মোকাবিলায় অনেকটাই সুবিধা হবে।’

প্রসঙ্গত, গত বছর ভারী বৃষ্টিতে বালাসনের ৩ নম্বর পিলার বসে যায়। তারপর থেকেই এই সেতুতে যান চলাচল বন্ধ ছিল। এরপর বেইলি ব্রিজ বসানো হলেও একমুখী যান চলাচলে ব্যাপক সমস্যা ছিল। শিলিগুড়ি থেকে পর্যটকদেরও পাহাড়ে ওঠার ক্ষেত্রে অনেকটা ঘুরপথে যেতে হত। অবশেষে ২ কোটি টাকা ব্যয়ে বালাসন সেতুটি সংস্কার করা হয়। শুক্রবার থেকে বেলি ব্রিজ খোলার জন্য সেতুটি বন্ধ ছিল। অবশেষে সোমবার থেকেই খুলে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত বালাসন সেতু।।

About Post Author