Home » খিদিরপুর পল্লী শারদীয়ার থিম ব্ল্যাক হোল

খিদিরপুর পল্লী শারদীয়ার থিম ব্ল্যাক হোল

মা আসছেন  (১)

কোয়েলী বনিক,সময় কলকাতা :  আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই আকাশে বাতাসে ভেসে উঠবে শরতের মেঘ। চারিদিকে ছড়িয়ে পড়বে কাশফুলের গন্ধ। চতুর্দিকে তাই সাজো সাজো রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো কমিটিগুলি। কলকাতার বড় দুর্গাপুজোগুলির মণ্ডপ থেকে শুরু করে দুর্গা প্রতিমা, সবেতেই থাকে অভিনবত্বের ছোঁয়া। প্রতি বছরই নানারকম থিমে সেজে ওঠে পুজো মণ্ডপগুলি।

অতিমারি কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে জনজীবন। কার্যত সেকারণেই এবার নতুন চমক আনল খিদিরপুর পল্লী শারদীয়া। পুজোর নিমন্ত্রণ জানাতে রিকশায় চেপে শহর ঘুরলেন পুজো কমিটির উদ্যোক্তারা। দুর্গাপুজোর প্রাক্কালে সকলকে নিমন্ত্রণ জানাতে এবার অভিনব কায়দা খিদিরপুর পল্লী শারদীয়া পুজো কমিটির। কেননা পুজোর নিমন্ত্রণ পত্র বাড়ি বাড়ি বিলি করলেন পুজো উদ্যোক্তরা। একইসঙ্গে প্রতিটি পরিবারকে মিষ্টিমুখও করালেন তারা। জানা গিয়েছে, এবার তাদের পুজোর থিম ‘ব্ল্যাক হোল’।

পুরনো দিনের পুজোর গন্ধ যেন চেনা ছন্দে ফিরিয়ে দিল খিদিরপুর পল্লী শারদীয়া দুর্গোৎসব কমিটি। তিলোত্তমার ঐতিহ্যবাহী হাতে টানা রিকশায় চেপে পুজোর উদ্যোক্তারা বাড়ি বাড়ি এবারের পুজোর নিমন্ত্রণ জানাতে বের হলেন। এই পুজো কমিটির উদ্যোগেই হাতে টানা রিকশায় আলপনা ও ফুলের সজ্জা দেখা গেল। রিকশা চালকদের সাজসজ্জাতেও ছিল চমক। দেখা গিয়েছে,ফুল মালা দিয়ে সাজানো রয়েছে রিক্সা। তার পাশে হাতে শঙ্খ ফুলের সাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। তাদের হাতেই রয়েছে নিমন্ত্রণপত্র। শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে। এরপর ওই রিক্সাতে করেই বাড়ি বাড়ি পুজোর নিমন্ত্রণ করতে বের হলেন মহিলারা। পুজো উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে আট থেকে আশি সকলেরই।।

About Post Author