সময় কলকাতা ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি তো পড়েই গিয়েছে।হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। কিন্তু পুজোর বাজার করতে বেরিয়ে যানবাহনে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই দুর্ভোগ থেকে রেহাই দিতে শনিবার থেকেই তিলোত্তমায় চালু হয়ে গেল পুজো স্পেশাল শপিং বাস। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে এদিন বেলা ১২টা থেকেই এই স্পেশাল বাস পরিষেবা শুরু হয়ে গেছে।

জানা গিয়েছে, এই পুজো স্পেশাল শপিং বাস চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শপিং স্পেশাল বাস চলবে রাস্তায়। মূলত শপিং সেরে ফেরার পথে নিত্যযাত্রীদের ধকল কমাবে এই বাস পরিষেবা। এমনটাই মনে করছে পরিবহণ দফতর।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের এই বাসগুলির ভাড়া আলাদা করে বৃদ্ধি করা হয়নি। আর পাঁচটা সরকারি এসি এবং নন এসি বাসের মতোই ভাড়া ধার্য হয়েছে এই বিশেষ শপিং বাসগুলির। ফলে পুজোর আগে সাধ্যের মধ্যেই বাড়তি সুবিধা দেবে কলকাতার মানুষকে। রাজ্য সরকারের তরফে এটা পুজোর উপহার বলেই মনে করছে পরিবহণ নিগম।

জানা গিয়েছে,সরকারি এই বাস পরিষেবা মিলবে এসপ্ল্যানেড, গড়িয়াহাট, শ্যামবাজারে। কলকাতার এই তিনটি বাজার এলাকা থেকে বাসগুলি ছাড়বে। তারপর বাসগুলো যাবে বারাকপুর কোর্ট, ডানলপ, হাওড়া স্টেশন, বেহালা পর্ণশ্রী, বেহালা চৌরাস্তার মতো এলাকাগুলিতে। ফলে এলাকার বাসিন্দাদের পুজো শপিং সেরে বাড়ি ফেরা এখন আরও সহজ। এসপ্ল্যানেডের বাসগুলি গ্র্যান্ড হোটেলের বিপরীতে বাস টার্মিনাস থেকে ছাড়বে। বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে ছাড়বে গড়িয়াহাটের বাসগুলি। বাগবাজার বাস স্ট্যান্ড থেকে ছাড়বে শ্যামবাজারের শপিং বাসগুলি। এমনটাই জানাচ্ছে পরিবহণ নিগম।
অন্যদিকে, পুজোর মধ্যে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য পর্যটকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থা। কেননা সৈকত শহরে ভ্রমণের জন্য বাড়ানো হতে চলেছে দিঘা ডিপোর বাসের সংখ্যাও। পুজোর সময় বাড়তি পর্যটকের কথা মাথায় রেখেই বাসের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!