Home » দলত্যাগ করতেই তৃণমূল নেতার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ

দলত্যাগ করতেই তৃণমূল নেতার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক: দলত্যাগ করেও মুক্তি নেই। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিক্ষোভে উত্তাল মালদার হরিশচন্দ্রপুর। দলত্যাগী নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ ক্ষমতাসীন গোষ্ঠীর।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মালদায় তৃণমূল নেতা মনোজ রাম দল ছাড়েন। তিনি মালদা তৃণমূলের জেলা সভাপতিকে পদত্যাগ পত্র পাঠিয়েও দেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন মনোজ রাম। দল ছাড়তেই মনোজ রামের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান তারা।প্রাক্তন তৃণমূল নেতা মনোজ রামের অভিযোগ বহিরাগত ব্যক্তিকে চাঁচলের বিধায়ক করা হয়েছে। আর বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জয়ী হয়েই লঠ শুরু করেছে বলে অভিযোগ তোলেন দলত্যাগী মনোজ রাম।

আন্দোলনরত তৃণমূল নেতাদের অভিযোগ মনোজ রাম বিজেপির সঙ্গে মিলে মিশে দলীয় বিধায়ককে বদনাম করছেন। তাঁদের দাবি বিধায়ক নীহাররঞ্জন ঘোষ প্রকৃত অর্থে সততার প্রতীক। তৃণমূলের অন্দর মহলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই টিপ্পনি কাটা শুরু করেছে বিজেপি। মালদার বিজেপি নেতা কিষাণ কেডিয়ার দাবি, ‘মনোজ রাম তৃণমূলের ভালো নেতা। খারাপদের সঙ্গে থাকতে না পেরেই দল ছাড়তে বাধ্য হয়েছেন।’ নব্য ও আদি তৃণমূলের দ্বন্দ্ব মালদায় রাজনৈতিক তরজা তুঙ্গে।

About Post Author