Home » বিজেপির নবান্ন অভিযান ও মুখ্যমন্ত্রী

বিজেপির নবান্ন অভিযান ও মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক : “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই,’ বিজেপির নবান্ন অভিযানকে কার্যত তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ,শাসক দলের দুর্নীতি এদিন অন্যতম ইস্যু থাকায় বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত কিছুটা চাপে ছিল তৃণমূল, কারণ অভিযোগ প্রমাণিত না হলেও তাদের দুজন হেভিওয়েট নেতা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে জেলে। পুলিশ নবান্ন অভিযানকে গুরুত্ব দিয়েছিল এনিয়ে সন্দেহ নেই এবং উল্লেখ্য,হাওড়া ও কলকাতা পুলিশ নবান্ন অভিযানকে বেআইনি বলে ঘোষণা করেছিল।  যদিও এই দিনের অভিযান শান্তিপূর্ণ হবে বলেই বিজেপি দাবি করেছিল তথাপি নবান্ন অভিযান যে আদৌ ছিটেফোঁটা-পরিমান শান্তিপূর্ণ হয়নি । কলকাতার বেশ কিছু অংশ ছাড়াও হাওড়ার সাঁতরাগাছি সহ বিস্তীর্ণ অঞ্চলে পুলিশ- বিজেপি সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয় এমনকী পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের চিত্রও দেখা গিয়েছে।

এমতাবস্থায় মেদিনীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত প্রণিধানযোগ্য। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আলুভাতে নেতা বলে আখ্যা দিয়েছেন কুনাল ঘোষ। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে বিজেপির নবান্ন অভিযান নিয়ে মন্তব্য করে প্রমাণ করেছেন এদিনের নবান্ন অভিযানের দিকে চোখ ছিল তৃণমূলের। কুনাল ঘোষের বক্তব্যও এই বিষয়ের গুরুত্ব দর্শায়। দুর্নীতি ও হিংসার প্রতিবাদে বিজেপি নবান্ন অভিযান করেছিল, নবান্ন অভিযানে তাদের নৈতিক জয় হয়েছে বলেই তারা মনে করছে। রাজনৈতিক চাপানউতোর জারি থাকবেই তথাপি নবান্ন অভিযানের মধ্যে দিয়ে কী বার্তা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে ?

রাজনৈতিক কর্মসূচি ঘিরে সাধারন মানুষ কি ভাবছেন সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য। মঙ্গলবারের নবান্ন অভিযান কতটা প্রভাব ফেলল তা নিয়ে আলোচনার মধ্যে দেখা দরকার বিভিন্ন ক্ষেত্রে এই অভিযানের গুরুত্ব কতটা।নবান্ন অভিযানের দিন বিজেপি যেরকম তাদের রাজনৈতিক পালে হাওয়া লেগেছে বলে মনে করছে সেরকমই দুর্গাপুজোর আগে মঙ্গলবার মঙ্গলাহাটের দিন নবান্ন অভিযান হওয়ায় বিষয়টিকে ভালো চোখে নিচ্ছেন না ব্যবসায়ীরা। জানানো হয়েছে মঙ্গলাহাটেই ব্যবসায় ২৫ কোটি টাকা লোকসান হবে ফলে সামগ্রিকভাবে  বিজেপি কতটা ফায়দা পেল তার পরিমাপ করতে এরকম বেশ কিছু সমীকরণ মাথায় রাখা জরুরি। তবে বিজেপির এবারের নবান্ন অভিযান যে সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে আলাদা মাত্র যোগ করবে তা বলাই বাহুল্য।।

About Post Author