Home » শান্তিনিকেতনের শিশু খুন কাণ্ড! পুলিশকে ক্লিনচিট শিশু সুরক্ষা কমিশনের

শান্তিনিকেতনের শিশু খুন কাণ্ড! পুলিশকে ক্লিনচিট শিশু সুরক্ষা কমিশনের

সময় কলকাতা ডেস্কঃ শান্তিনিকেতনের মোলডাঙায় শিশু খুনের ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল না, দাবি রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের।

শান্তিনিকেতনের মোলডাঙায় শিশু খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয় বিজেপি। এই পরিস্থিতিতেই পুলিশকে ক্লিনচিট দিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার সকালে শান্তিনিকেতনের মোলডাঙায় যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তাঁর সঙ্গে ছিলেন সিদ্দিকা পারভিন ও জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা। নিহত শিশু শিবম ঠাকুরের বাড়িতে গিয়ে সদ্য সন্তানহারা মা ও বাবার সঙ্গে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, রবিবার সকালে নিখোঁজ হয়ে যায় শিবম। টানা দুদিন ধরে শিশুটিকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শান্তিনিকেতন এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপরই ঘটনার তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার শিশুটির পাশের বাড়ির টিনের ছাদে বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই ৪৮ ঘন্টা পর পাশের বাড়ির ছাদ থেকে নিখোঁজ বাচ্চার বস্তা বন্দী দেহ উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ। আর দেহ উদ্ধারের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রুবি বিবিকে।

অন্যদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার নেপথ্যে রয়েছে ব্যক্তিগত আক্রোশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবমের বাবা শম্ভু ঠাকুরের সেলুনে কাজ করত এক যুবক। অভিযুক্ত রুবির সঙ্গে ওই যুবকের অবৈধ সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতেও পাওয়া যায় অভিযুক্তকে। এরপর অভিযুক্ত রুবি ওই যুবককে বিয়ে করার দাবি জানায়। কিন্তু সালিশি সভায় ওই যুবকের পাশে দাঁড়ায় শিবম ঠাকুরের বাবা। সেই রাগেই রুবি শিবমকে খুন করেছে বলেই অভিযোগ।

About Post Author